মেঘনা ও মেঘনা-গোমতী সেতু আগামীকাল বন্ধ থাকছে না
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মেঘনা ও কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর সংস্কারকাজ কাল শনিবার হচ্ছে না। ওই কারণে সেতু দুটিও বন্ধ থাকছে না। ৩ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে মর্মে বিভিন্ন মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) দেওয়া হয়। এর পরই প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ে একাধিক ব্যক্তি ফোন করে এ সম্পর্কে জানতে চান। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম গতকাল বৃহস্পতিবার রাত আটটায় প্রথম আলোকে জানান, সেতু দুটির সংস্কারকাজ ঈদের সময় যানবাহন চলাচল বন্ধ না রেখেই করা হয়েছে। তাই ৩ নভেম্বর সেতু দুটি বন্ধ থাকছে না। এ সম্পর্কিত প্রচারণা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে তিন দফায় সেতু দুটির সংস্কারকাজের জন্য ১৬ দিন বন্ধ রাখা হচ্ছে। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ৩ নভেম্বর সেতু বন্ধ রাখার বিষয়টি স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাতটায় দাউদকান্দির টোল প্লাজায় যোগাযোগ মন্ত্রণালয়ের এক বৈঠকে ১৬ দিন সেতু দুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তে চলতি বছরের ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিন, ৪ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন এবং ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন সেতু দুটির সংস্কারকাজের জন্য যান চলাচল বন্ধ থাকবে।