মেঘনা-কাঁচপুরে তিনটি সেতু নির্মাণে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের আরও তিনটি নতুন সেতু নির্মাণের কাজ ডিসেম্বরে শুরু হচ্ছে। এ ব্যাপারে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আজ বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সওজের পক্ষে এই চুক্তিতে সই করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রী বলেন, নির্মাণ শেষে পদ্মা সেতু ছাড়াও এ তিনটি নতুন সেতু দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে।
দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী নামে নতুন এই তিনটি সেতু নির্মাণে খরচ হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেবে জাপান। আর নতুন সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুগুলো সংস্কার করা হবে।