মেঘনা কেবল নামেই উপজেলা!
‘মেঘনা উপজেলা থেকে কুমিল্লা জেলা সদরে যেতে সময় লাগে পাঁচ ঘণ্টা। যে পথ দিয়েই যাই না কেন, নদীপথ ডিঙিয়ে যেতে হয়। নেই কোনো সরকারি স্কুল ও কলেজ। উচ্চমাধ্যমিকের পর এখানে আর পড়ার সুযোগ নেই। উপজেলা হলেও দীর্ঘদিন থেকে এই এলাকা অবহেলিত,’ বলছিলেন উপজেলার একমাত্র কলেজ মানিকারচর বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার মো. আবদুর রউফ।কুমিল্লার মেঘনা উপজেলার যাত্রা শুরু ১৯৯৮ সালে সাতটি ইউনিয়ন নিয়ে। কিন্তু প্রতিষ্ঠার এক যুগ পরও এই উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই পিছিয়ে শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে প্রায় সোয়া লাখ বাসিন্দার উপজেলা মেঘনা। স্থানীয় ব্যক্তিরা বলেন, মেঘনা কেবল নামেই উপজেলা। উপজেলার অনেক সুযোগ-সুবিধা থেকেই তারা বঞ্চিত।অনুন্নত যোগাযোগ: কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মেঘনা উপজেলার অবস্থান। এলাকাবাসী জানান, মহাসড়ক থেকে উপজেলা সদরে যাওয়ার পথে মেঘনা শাখানদীর ওপর তিনটি সেতু নির্মাণ করা হলে কুমিল্লা সদর এবং রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে।উপজেলা প্রকৌশলী আ স ম মোসলেম জানান, ‘উপজেলায় ১৫৯ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা রাস্তা মাত্র ১৩ কিলোমিটার। মেঘনার শাখানদীর ওপর তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে।’গড়ে ওঠেনি অনেক প্রতিষ্ঠান: উপজেলায় নেই খাদ্যগুদাম, সাব-রেজিস্ট্রার কার্যালয়, কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, শিল্পকলা ও শিশু একাডেমী, উপজেলা ভূমি কার্যালয়, ডাকবাংলো ও স্টেডিয়াম। খাদ্যগুদাম না থাকায় হোমনা ও দাউদকান্দি উপজেলার গুদাম থেকে মালামাল আনতে হয়। এদিকে থানা ভবন নির্মিত হওয়ার পর তা তিন বছরেও চালু করা সম্ভব হয়নি।লোকবলের সংকট: মেঘনা উপজেলায় প্রশাসনের ক্ষেত্রে ৩৬৩টি পদের মধ্যে ১৫৫টি শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণীর ৩৪টি পদের মধ্যে ১২টি, দ্বিতীয় শ্রেণীর ১৯ পদের মধ্যে আটটি, তৃতীয় শ্রেণীর ২২৬টি পদের মধ্যে ৯৮টি এবং চতুর্থ শ্রেণীর ৮৪ পদের মধ্যে ৩৭টি পদ শূন্য রয়েছে।নেই উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান: মেঘনা উপজেলায় উচ্চমাধ্যমিক পর্যায়ে দুটি বেসরকারি কলেজ রয়েছে। উচ্চমাধ্যমিকের পর এখানে পড়াশোনার কোনো সুযোগ নেই। নেই কোনো সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।চিকিৎসাসেবার বেহাল দশা: মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলেও সেখানে চিকিৎসকশূন্যতা রয়েছে। চিকিৎসকের ১০টি পদের তিনটি শূন্য। তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদ মোল্লা অতিরিক্ত দায়িত্ব হিসেবে মেঘনা উপজেলারও দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার খুব বেশি যাওয়া হয় না। গত ফেব্রুয়ারি মাসে মাত্র দুবার গিয়েছি। তাও একবার জেলা সিভিল সার্জনের সঙ্গে।’ সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো অন্তর্বিভাগ চালু হয়নি। অ্যাম্বুলেন্স নেই। নেই জেনারেটর।উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন বলেন, ‘মেঘনা উপজেলার রাস্তাঘাট অনুন্নত। সরকারি হাসপাতাল হলেও সেখানে কোনো ডাক্তার থাকে না। চরাঞ্চল হওয়ায় ঝড় বৃষ্টি তুফানে আমাদের বেশি পড়তে হয়। জেলার অন্যান্য উপজেলা থেকে আমরা পিছিয়ে আছি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. শফিকুল আলম বলেন, ‘মেঘনা উপজেলা প্রতিষ্ঠার ১২ বছরে পূর্ণাঙ্গতা পায়নি। এখন পর্যন্ত অবকাঠামোগত উন্নয়ন হয়নি, তবে যোগাযোগব্যবস্থা উন্নত হলে মেঘনার উন্নতি হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল বলেন, ‘প্রশাসনের বিভিন্ন পদ শূন্য রয়েছে। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় উপজেলাটি সব কাজেই পিছিয়ে পড়ছে।’