মেঘনা-গোমতী, মেঘনা সেতু আজ থেকে চার দিন বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর সংস্কারকাজের জন্য আজ শুক্রবার ভোর থেকে চার দিন সেতু দুটি বন্ধ থাকবে। ওই সময় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক ব্যবহার করে যান চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিষয়টি নিশ্চিত করে। সেতু দুটি সংস্কারকালীন কুমিল্লার ময়নামতি হয়ে সব যানবাহনকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হয়ে আশুগঞ্জ-ভৈরব ও নরসিংদী দিয়ে ঢাকায় যেতে হবে। একই সঙ্গে ঢাকা থেকে কাঁচপুর দিয়ে নরসিংদী হয়ে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল করবে। কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, ৮ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা সেতু দুটির ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেতুমুখে আসা যান কুমিল্লা সেনানিবাস ও ঢাকার কাঁচপুর এলাকায় শুক্রবার ভোর চারটা থেকেই বন্ধ করে দেওয়া হবে। বিকল্প পথে যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় সওজ কর্তৃপক্ষ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে কোথাও যানবাহন বিকল হলে দ্রুত অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত লোক আনা হয়েছে। মহাসড়কের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড দল কাজ করবে। এতে করে যাত্রীদের ভোগান্তিও দূর হবে।যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ৩০ ডিসেম্বর এক বৈঠক হয়। ওই বৈঠকে সেতু বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত হয়।