মেঘনা-গোমতী ও মেঘনা সেতু চার দিন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরামতের জন্য আগামী ৪ জানুয়ারি ভোর ছয়টা থেকে ৮ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত ৯৬ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলেছে যোগাযোগ মন্ত্রণালয়।গতকাল রোববার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এই তথ্য জানান। সেতু দুটি রক্ষার স্বার্থে সাময়িক এ অসুবিধা মেনে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বিকল্প পথে যানবাহনের বাড়তি চাপ মোকাবিলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাংলাদেশ সেনাবাহিনী মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামত করছে। মেঘনা-গোমতী সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে চার দিন বিকল্প সড়ক হিসেবে ঢাকা-যাত্রাবাড়ী-কাঁচপুর সেতু-তারাবো মোড় (নারায়ণগঞ্জ)-নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোড মোড়-ব্রাহ্মণবাড়িয়া-ময়নামতি-কুমিল্লা পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী যানবাহনগুলোকেও একই পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ছয় দিন করে ১২ দিন সেতু দুটি বন্ধ রাখা হবে। মেরামতের কাজের জন্য তিন দফায় মোট ১৬ দিন সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।