যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা যথাসময়ে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কারকাজ শেষ করতে পেরেছি। এ জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ। প্রাথমিক ট্রিটমেন্টের কাজ শেষ। পরিপূর্ণ ট্রিটমেন্ট শুরু হবে নভেম্বরে।’ গতকাল শনিবার বেলা ১১টায় মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর এক্সপানশন জয়েন্ট (জোড়া) মেরামতের শেষ হওয়া কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রথমে মেঘনা সেতু ও পরে দাউদকান্দি সেতু পরিদর্শন করেন।যোগাযোগমন্ত্রী বলেন, রক্ষণাবেক্ষণকাজের জন্য ঈদের আগে প্রতি ১৫ দিন পর ছয় ঘণ্টা করে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। সেতু এলাকা পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সোনারগাঁয়ের সাংসদ আবদুল্লাহ-আল কায়সার, সেতু সংস্কারকাজের প্রকল্প পরিচালক কর্নেল রফিক উল্লাহ, সড়ক ও জনপথের (কুমিল্লা জোন) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম। উল্লেখ্য, ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সেতু দুটির সংস্কারকাজ চলে। এ সময় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।উড়ালসেতুর কাজ আবার শুরু: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার উড়ালসেতুর নির্মাণকাজ অবশেষে গতকাল শনিবার থেকে আবারো শুরু হয়েছে। যোগাযোগমন্ত্রী গতকাল এ কাজের উদ্বোধন করেন। দীর্ঘ আন্দোলনের পর গুরুত্বপূর্ণ এ সেতুর কাজ শুরু হওয়ায় এলাকাবাসী উল্লসিত। প্রসঙ্গত, ‘উড়ালসেতুর নির্মাণকাজ তিন বছর ধরে বন্ধ’ শিরোনামে গত ১ আগস্ট প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলে জানান নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান।