মেঘনা গ্রুপকে ৩০ লাখ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর তীরবর্তী প্লাবনভূমি বেআইনিভাবে ভরাট ও ভূমি উন্নয়নকাজ করার অপরাধে ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপকে ৩০ লাখ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর দ্রুত এ টাকা পরিশোধের জন্য ওই প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বাধীন একটি দল গত আগস্টে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার দক্ষিণ আনন্দবাজার থেকে মামলুতপুর পর্যন্ত মেঘনা নদীর তীরবর্তী প্রায় ৩০ একর জলাভূমি মেঘনা গ্রুপ ভরাট করেছে বলে প্রমাণ পায়। মেঘনা গ্রুপ কারখানা স্থাপনের জন্য বেআইনিভাবে ভরাট করে বলে পরিবেশ অধিদপ্তর অভিযোগ করে। ভরাট ও দখলের অপরাধে মেঘনা গ্রুপকে গত ১০ সেপ্টেম্বর ৩০ লাখ টাকা জরিমানা ও ভরাটকাজ বন্ধ করা হয়। অধিদপ্তরের পরিচালকের এ আদেশ চ্যালেঞ্জ করে মেঘনা গ্রুপ পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আপিল করে। এ আপিল মামলার শুনানি হওয়ার পর গত বুধবার জরিমানা পরিশোধ ও বালু অপসারণের আদেশ বহাল রাখা হয়। মেঘনা গ্রুপের উপদেষ্টা মোর্তজা হোসেন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ জরিমানার অর্থ দ্রুত পরিশোধের উদ্যোগ নিয়েছি।’