সংস্কারকাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতু গতকাল শুক্রবার থেকে চার দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে চট্টগ্রামগামী গাড়িগুলো বিকল্প পথ ব্যবহার করছে। এদিকে মেঘনা ঘাট অভিমুখী বাসগুলোকে গতকাল কাঁচপুরে আটকে দেয় পুলিশ। এতে পাঁচ উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ ছাড়া মেঘনা নদী পারাপারের সময় কয়েকজন ব্যক্তি যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেতু বন্ধ থাকাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা, মেঘনা ঘাট, মুন্সিগঞ্জের গজারিয়া ও বাউশিয়াগামী বাসসহ সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে। চট্টগ্রাম ও কুমিল্লাসহ অন্যান্য এলাকার গাড়ি চলাচল করবে বিকল্প পথে। কিন্তু গতকাল পুলিশ কাঁচপুর ও মদনপুরে দুটি তল্লাশি চৌকি বসিয়ে মোগরাপাড়া, মেঘনা ঘাট, গজারিয়া ও বাউশিয়াগামী বাস বন্ধ করে দেয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সেতু বন্ধ থাকার সময় কুমিল্লার মেঘনা, দাউদকান্দি ও চান্দিনার লোকজন নদী পার হয়ে গন্তব্যে যাবে। তাদের বিকল্প সড়ক ব্যবহারের প্রশ্নই ওঠে না। কিন্তু মেঘনা ঘাটগামী বাস কাঁচপুরে বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।গতকাল মহাসড়কে ঘুরে দেখা যায়, মেঘনা ঘাট অভিমুখী বাস বন্ধ থাকায় মেঘনা, দাউদকান্দি, চান্দিনা, গজারিয়া ও সোনারগাঁয়ের হাজারো মানুষ দুর্ভোগে পড়ে। এ সময় যাত্রীদের কাঁচপুর থেকে ১৫ কিলোমিটার দূরের মেঘনা ঘাটে রিকশা ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাযোগে যেতে দেখা যায়।কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামের নাসির উদ্দিন ও তাঁর স্ত্রী আমেনা বেগম বলেন, কাঁচপুর থেকে মেঘনা ঘাট পর্যন্ত বাস ভাড়া ১০ টাকা। কিন্তু অটোরিকশাযোগে মেঘনা ঘাটে যেতে তাঁদের জনপ্রতি ১০০ টাকা গুনতে হয়েছে। গজারিয়ার ভবেরচর এলাকার নির্মাণশ্রমিক আমির আলী ও আবদুল গণি বলেন, ভাড়া বেশি হওয়ার কারণে তাঁরা হেঁটে মেঘনা ঘাটে এসেছেন। এদিকে নানা দুর্ভোগ পোহানোর পর মেঘনা ঘাটে গিয়েও স্বস্তি নেই যাত্রীদের। নদী পার হতে গিয়ে তারা চাঁদাবাজির শিকার হচ্ছে। একদল লোক প্রত্যেক যাত্রীর কাছ থেকে ২০ টাকা করে আদায় করছে। চাঁদা আদায়কারীরা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় ১০ যাত্রীকে কিল-ঘুষি ও চড় মেরেছে চাঁদা আদায়কারীরা।মেঘনা ঘাটে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী ট্রলারযোগে মেঘনা নদী পারাপার হচ্ছে। স্থানীয় কয়েকজন যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা আদায়কারী স্থানীয় আওয়ামী লীগের কর্মী নবী হোসেন বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ঘাট ইজারা নিয়েছি।’ সূত্র জানায়, শুধু পণ্যবাহী ট্রলার থেকে টোল আদায়ের জন্য ঘাট ইজারা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। যাত্রীদের কাছ থেকে এখানে টাকা আদায়ের কোনো সুযোগ নেই। সেলিম বেপারি নামের একজন ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে ঘাটের ইজারা নেন। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাঁর কাছ থেকে ‘সাব-কন্ট্রাক্ট’ নিয়ে ঘাটে টোল আদায় করেন।যোগাযোগ করা হলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মেঘনা ঘাটে যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রশ্নই আসে না। যদি আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ এমন কাজ করে থাকেন, তবে দলীয়ভাবে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজির ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ বাস চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করছি মাত্র। তবে আমরা সোনারগাঁ পর্যন্ত কিছু যানবাহন চলাচল করতে দিয়েছি।’