মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীর-সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ মিয়ার নেতৃত্বে একটি চক্র এই বালু তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র ভবন, জাতীয় গ্রিড লাইনের টাওয়ার, জাহাজ থেকে মাল ওঠানো-নামানোর ঘাট (জেটি), চালের চাতালের বয়লার, বিভিন্ন স্থাপনা ও দোকানপাট ঝুঁকির মুখে পড়েছে। এলাকার কয়েকজন জানান, নদীর তীরবর্তী আশুগঞ্জের সোহাগপুর, বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর মৌজা থেকে প্রতিদিন প্রায় পাঁচ লাখ ফুট বালু উত্তোলন করা হচ্ছে। ওই চক্র প্রায় এক বছর ধরে বালু উত্তোলন করছে। তারা প্রতি ফুট বালু চার টাকা দরে বিক্রি করছে। সফিউল্লাহ মিয়ার নেতৃত্বে সোহাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সালাউদ্দিন মিয়া, সোহাগপুর গ্রামের বাবুল আহমেদ, উপজেলা বিএনপির সদস্য মিজান খান, এলাকার সুজন, শরীফ, রায়হান, খলিল খান ও আনোয়ার হোসেন প্রতিদিনই ওই স্থান থেকে বালু উত্তোলন করছেন। এতে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র ভবন ও এর সীমানাপ্রাচীর, জাতীয় গ্রিড লাইনের টাওয়ার, জেটি, চাতাল, বয়লার, মেঘনার চরের দুটি গ্রাম চর সোহাগপুর ও চর সোনারামপুর এবং আশুগঞ্জ বাজারের বিভিন্ন স্থাপনা ও দোকানপাট ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে। গত ১৩ মার্চ আশুগঞ্জের সোহাগপুর গ্রামের বাসিন্দা বিএনপির নেতা মিজান খান ওই স্থান থেকে বালু উত্তোলন বন্ধ চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এর আগে গত ২৩ ডিসেম্বর একই দাবিতে মিজানসহ ওই চক্র জেলা প্রশাসক ও বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করে। পরে এই চক্রই ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের জেটির পাশের নদীর তীর থেকে তিনটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে।আশুগঞ্জ পূর্ববাজার এলাকার বাসিন্দা সুজন মিয়া জানান, ওই চক্র তিনটি ড্রেজার দিয়ে প্রতিদিনই বালু উত্তোলন করছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় কেউই তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক তাপবিদ্যুৎকেন্দ্রের একজন কর্মকর্তা জানান, গত ১৮ মে ভ্রাম্যমাণ আদালত ওই চক্রের ড্রেজার জব্দ করেন এবং ড্রেজারচালককে কারাগারে পাঠান। এ ছাড়া বালু উত্তোলনকারীদের জরিমানা করা হয়। এর আগেও প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু তাতে কাজ হচ্ছে না। হোতাদের ধরা না হলে বালু উত্তোলন বন্ধ হবে না।সফিউল্লাহ মিয়া বলেন, ‘এখান থেকে বালু তোলা যে অবৈধ, তা আমার জানা নেই। আমি তো পিডিবির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা বলেই বালু তোলা শুরু করেছি।’ তবে মিজান খান বলেন, ‘আমি তো এ জায়গা থেকে বালু না তোলার জন্য আদালতে রিট করেছি। এখন কেন বালু তুলতে যাব?’এ ব্যাপারে তাপবিদ্যুৎকেন্দ্রের এমডি নুরুল আলম বলেন, ‘পানিপ্রবাহ বাড়াতে আমাদের প্রয়োজনেই বালু তোলা হচ্ছিল। প্রয়োজনের অতিরিক্ত বালু তোলার বিষয়টি আমাদের জানা নেই। বালু উত্তোলন করে কেউ ব্যবসা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার বলেন, ‘জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। ইউএনও ও বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গেও কথা বলেছি। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাব।’