মেঘনা থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ
এক দিন নিখোঁজের পর চাঁদপুর সদর উপজেলার কানুদী লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে গতকাল বৃহস্পতিবার সজীব আহম্মেদ শ্যামল (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সজীব ড্যাফোডিল ইউনিভার্সিটির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও চাঁদপুর নৌ পুলিশ জানায়, সজীব পরিবারের সঙ্গে মুগদার মান্ডা এলাকায় থাকতেন। এক বন্ধুর দাদার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দুই বন্ধুর সঙ্গে চাঁদপুরের বিষনদী এলাকায় গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে গত বুধবার সকালে তাঁরা ঢাকায় যাওয়ার জন্য চাঁদপুরের কানুদী লঞ্চঘাটে যান। ঘাট থেকে একটি নৌকায় চড়ে কিছু দূর গিয়ে এমএল হেদায়েত লঞ্চে ওঠার চেষ্টা করেন তাঁরা। কিন্তু ওই লঞ্চের ধাক্কায় নৌকাটি উল্টে গেলে তিনজনই নদীতে পড়ে যান। দুজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন সজীব। গতকাল সকাল সাতটার দিকে ঘটনাস্থলের অদূরে সজীবের লাশ ভেসে ওঠে।
চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সজীবের বাবা শামসুল হক বলেন, তাঁর তিন সন্তানের মধ্যে সজীব দ্বিতীয়। গতকাল বিকেলে তাঁর লাশ মুগদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।