মেঘনা থেকে পাঁচ ট্রলার ছিনতাই, দুই জেলেকে অপহরণ
হাতিয়ার পশ্চিম উপকূলের মেঘনা নদী থেকে গতকাল সোমবার ভোরে মাছ ধরার পাঁচটি ট্রলার ছিনতাই করেছে জলদস্যু আরিফ বাহিনীর সদস্যরা। এ সময় ট্রলারচালক আব্বাস মাঝি (৪০) ও খালাসি জাহেদকে (৪৫) অপহরণ করা হয়।স্থানীয় জেলে ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল ভোরে জলদস্যু আরিফ বাহিনীর আট-নয়জন অস্ত্রধারী মাছ ধরার বিভিন্ন ট্রলারে হামলা চালায়। সূত্র জানায়, জলদস্যুরা তমরদ্দি লঞ্চঘাটের হক সাব মাঝির একটি ও ফারুক মাঝির একটি এবং আজমার খালের হরিপদ মাঝির একটিসহ মোট পাঁচটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে। তারা ট্রলারগুলোর চালক ও জেলেদের পাশের জাগলার চরে নামিয়ে দিয়ে ট্রলারগুলো নিয়ে যায়। এ সময় জলদস্যুরা তমরদ্দির সাবেক ইউপি সদস্য বাবলু মিয়ার এক ট্রলারচালক আব্বাস মাঝি (৪০) ও খালাসি জাহেদকে (৪৫) অপহরণ করে।বাবলু মিয়া জানান, জলদস্যুরা অপহূত দুজনের মুক্তির বিনিময়ে দুই লাখ টাকা দাবি করেছে।হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহফুজ জানান, কোস্টগার্ড আরিফ বাহিনীর খোঁজে অভিযান চালিয়েছে। এ সময় ছিনতাই করা একটি ট্রলার উদ্ধার করা হয়।