মেঘনা থেকে পাঁচ ট্রলার ছিনতাই, দুই জেলেকে অপহরণ
হাতিয়ার পশ্চিম উপকূলের মেঘনা নদী থেকে গতকাল সোমবার ভোরে মাছ ধরার পাঁচটি ট্রলার ছিনতাই করেছে জলদস্যু আরিফ বাহিনীর সদস্যরা। এ সময় ট্রলারচালক আব্বাস মাঝি (৪০) ও খালাসি জাহেদকে (৪৫) অপহরণ করা হয়।
স্থানীয় জেলে ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল ভোরে জলদস্যু আরিফ বাহিনীর আট-নয়জন অস্ত্রধারী মাছ ধরার বিভিন্ন ট্রলারে হামলা চালায়।
সূত্র জানায়, জলদস্যুরা তমরদ্দি লঞ্চঘাটের হক সাব মাঝির একটি ও ফারুক মাঝির একটি এবং আজমার খালের হরিপদ মাঝির একটিসহ মোট পাঁচটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে। তারা ট্রলারগুলোর চালক ও জেলেদের পাশের জাগলার চরে নামিয়ে দিয়ে ট্রলারগুলো নিয়ে যায়। এ সময় জলদস্যুরা তমরদ্দির সাবেক ইউপি সদস্য বাবলু মিয়ার এক ট্রলারচালক আব্বাস মাঝি (৪০) ও খালাসি জাহেদকে (৪৫) অপহরণ করে।
বাবলু মিয়া জানান, জলদস্যুরা অপহূত দুজনের মুক্তির বিনিময়ে দুই লাখ টাকা দাবি করেছে।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহফুজ জানান, কোস্টগার্ড আরিফ বাহিনীর খোঁজে অভিযান চালিয়েছে। এ সময় ছিনতাই করা একটি ট্রলার উদ্ধার করা হয়।