মেঘনা থেকে বাঁশ-বালু সরাতে মেরিটিমাসের কালক্ষেপণ!
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকার ভরাট করা জায়গা থেকে বাঁশ ও বালু সরিয়ে নেওয়ার কার্যক্রম বন্ধ রেখেছে মেরিটিমাস লিমিটেড। প্রতিষ্ঠানটি এসব সরিয়ে নিতে নানাভাবে কালক্ষেপণ করছে বলে অভিযোগ উঠেছে।মেরিটিমাস লিমিটেড জাহাজনির্মাণ কারখানা তৈরির নামে ওই এলাকা বাঁশ পুঁতে ভরাট করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ভরাটকাজে ব্যবহূত বাঁশ, ড্রেজারসহ বিভিন্ন মালামাল জব্দ করে। একই সঙ্গে তিন দিনের মধ্যে বাঁশ-বালু সরিয়ে নিয়ে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। পরিবেশের ক্ষতির জন্য মেরিটিমাসকে ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়।মেরিটিমাস পরিবেশ অধিদপ্তরের নির্দেশমতো নদীগর্ভ থেকে বাঁশ ও বালু সরিয়ে নেওয়ার কাজ শুরু করে ঠিকই, কিন্তু কিছুদিন পর তা বন্ধ করে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে বর্ষায় নদীর পানি বাড়ার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না ল জানায় মেরিটিমাস। এ জন্য সময় বাড়ানোর আবেদনও করা হয়।তবে অভিযোগ উঠেছে, মেরিটিমাস কালক্ষেপণের কৌশল নিয়েছে। সময়মতো বাঁশ-বালু সরিয়ে না নিয়ে একদিকে পরিবেশ অধিদপ্তরের কাছে সময় বাড়িয়ে নেওয়ার আবেদন করা হয়েছে, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমকে চ্যালেঞ্জ করে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হয়েছে।এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা প্রথম আলোকে বলেন, ‘মেরিটিমাস যদি পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম চ্যালেঞ্জ করে পার পাওয়ার চেষ্টা করে, আমরাও আইনি লড়াইয়ে যাব। তাদের এভাবে কালক্ষেপণ আমরা মেনে নেব না।’মেঘনা ও ধলেশ্বরী নদী দখলমুক্ত ও রক্ষা কমিটির মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, ‘মেরিটিমাস নদী দখল করেও নানা অপতৎপরতায় পার পেয়ে গেলে আমরা নদী দখলমুক্ত করতে কঠোর কর্মসূচি দেব।’একটি সূত্র জানায়, মেরিটিমাসের পক্ষ থেকে গত ১৬ জুলাই পরিবেশ অধিদপ্তরের অভিযানকে চ্যালেঞ্জ করে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলমের কাছে আপিল করা হয়। তা এখনো নিষ্পত্তির অপেক্ষায়।মেরিটিমাসের কার্যক্রম সার্বক্ষণিক তদারকের প্রতিবেদন ঢাকায় পরিবেশ অধিদপ্তরে পাঠানোর দায়িত্বে আছেন মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী দুই পরিচালক। সর্বশেষ প্রতিবেদন পাঠান মুন্সিগঞ্জের সহকারী পরিচালক সোনিয়া সুলতানা। তিনি বলেন, ‘৭ জুলাই আমরা সরেজমিন পরিদর্শন করে ১০ জুলাই প্রতিবেদন পাঠিয়েছি। প্রতিবেদনে বাঁশ-বালু সরিয়ে নেওয়ার কাজ বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।’পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমরা কারণ দর্শানোর নোটিশ দিলে মেরিটিমাস সময় প্রার্থনা করে। কিন্তু তারা পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আপিল করেছে। এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে পারছি না।’গত ৭ জুন প্রথম আলোতে ‘বাঁশ-বালুতে মেঘনা ভরাট’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। গত ৮ জুন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের নেতৃত্বে একটি দল নদী ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়।পরিবেশ অধিদপ্তরের নির্দেশে মেরিটিমাস ১২ জুন নদীগর্ভ থেকে বাঁশ ও বালু সরানোর কাজ শুরু করে। কিন্তু কিছুদিন এই কার্যক্রম বন্ধ করে তারা।মেঘনা থেকে বাঁশ ও বালু সরাতে কালক্ষেপণের অভিযোগ প্রসঙ্গে মেরিটিমাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদ রসুল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা নদীর কোনো অংশ ভরাট করিনি। আমরা ঠিকমতোই কাজ করেছি। তাই আমরা পরিবেশ অধিদপ্তরের বিচারিক ব্যবস্থার ওপর আপিল করেছি। আপিলের রায় যা হবে, সেটাই আমরা মেনে নিয়ে কাজ করব।’তবে আপনারা পরিবেশ অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাবে বলেছিলেন, বর্ষায় পানি কমে গেলে সরিয়ে নেবেন, এই বক্তব্যের মধ্য দিয়েই তো নদী ভরাটের বিষয়টি মেনে নিয়েছেন—এ রকম প্রশ্নের উত্তরে আহমেদ রসুল বলেন, ‘আমরা আমাদের দিক দিয়ে যেটা সঠিক মনে করেছি, সেটাই করেছি।’