মেঘনা থেকে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার কড়িকান্দি ফেরিঘাট এলাকায় ওই মিছিলে বাহেরচর, খাসনগর, কড়িকান্দি ও কানাইনগর এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কানাইনগর মৌজার ২৫ ও বাহেরচর মৌজার ৫০ হেক্টর এলাকায় মেঘনা নদীর বালুমহাল ইজারা নেয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বালুমহাল থেকে সরকার নয় লাখ ৭২ হাজার টাকা রাজস্ব পায়।গতকাল বালুমহালের সীমানা নির্ধারণের কথা শুনে সকাল থেকেই বাহেরচর, খাসনগর, কড়িকান্দি ও কানাইনগরের লোকজন ফেরিঘাট এলাকায় জমায়েত হতে থাকে। বেলা ১১টার দিকে সহস্রাধিক মানুষ ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। তারা মাইক নিয়ে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন স্লোগান দেয়।এলাকাবাসী জানান, মেঘনা থেকে অপরিকল্পিত বালু তোলার ফলে এই এলাকার কয়েক শ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়ক এবং কুমিল্লা-সিদ্ধিরগঞ্জ ৬০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুঁকির মুখে পড়েছে। খাসনগর গ্রামের কৃষক বিল্লাল হোসেন (৫৫) বলেন, ‘নদীর পাড়ে গত ১৫ দিনে ২০ হাত জায়গা নদীতে বাইঙ্গা গেছে, অহন আবার বালি তুললে আমাগোর ফসলি জমি বাড়ি-ঘর কিচ্ছু থাকব না।’সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মাহবুব বলেন, ‘নিয়মমাফিক বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছি।’বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান জানান, সরকারি নির্দেশে বালুমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে তাঁর কিছু করার নেই। এলাকাবাসীর অভিযোগ জেলা প্রশাসককে জানানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান মুঠোফোনে জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইন বা ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়লে অবশ্যই বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হবে।