মেঘনা থেকে সশস্ত্র পাহারায় অবৈধভাবে বালু উত্তোলন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় সশস্ত্র পাহারায় এক ইউপি চেয়ারম্যান মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী উপজেলার লটিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে এ বালু উত্তোলন করা হচ্ছে। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী ১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
ইউএনওর কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, হোমনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পটিয়া গ্রাম মেঘনার পূর্ব দিকে অবস্থিত। নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন অবস্থিত। লটিয়া গ্রামের পশ্চিম পাশে মেঘনার শাখা নদী থেকে কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ১০-১২ দিন ধরে বালু উত্তোলনের কারণে লটিয়া, বটতলী ও তালতলী গ্রাম ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাইফুল চেয়ারম্যানের সশস্ত্র বাহিনী বালু উত্তোলনের সময় পাহারা দেয়। বালু উত্তোলনে বাধা দিলে এলাকাবাসীকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে এলাকাবাসী লটিয়া বাজারে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বালু উত্তোলনকারীর বিরুদ্ধে স্লোগান দেন। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, লটিয়া গ্রামসংলগ্ন নদীর পশ্চিম প্রান্তে সাতটি খননযন্ত্র দিয়ে বালু তুলছেন ২০-২৫ জন শ্রমিক। এ সময় সেখানে ২০-২২টি বাল্কহেড (নৌযান) দেখা গেছে। এ ছাড়া কয়েকটি ছোট নৌকা বাঁধা থাকতে দেখা গেছে। এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যানের সশস্ত্র বাহিনী এসব নৌকা ও স্পিডবোট ব্যবহার করেন। তাঁরা আরও বলেন, প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নদী ও চরের বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন করা হয়। প্রতিদিন ১০-১২ লাখ টাকার বালু লুট করা হচ্ছে।
লটিয়া গ্রামের বাসিন্দা লাক মিয়া বলেন, ‘লটিয়া গ্রামের পশ্চিম পাশের মেঘনা নদী ও নদীর পশ্চিম পারে চর লটিয়া অবস্থিত। ব্রিটিশ আমল থেকে গ্রামবাসী এ চরের ভোগদখল করত। কিন্তু কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল গুন্ডাবাহিনী দিয়া ওই চরের ও মেঘনার বালু লুট করে নিয়ে যাচ্ছেন।’
হোমনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ছোবহান মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যান সাইফুল অস্ত্রধারী বাহিনীর পাহারায় বালু উত্তোলন করছেন। ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।’
হুমকি ও সশস্ত্র পাহারাদার রাখার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সাইফুল বলেন, ‘আমি কালাপাহাড়িয়া ইউপির নিজ কালাপাহাড়িয়া মৌজার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছি। সেখানে ডিকচর নামে একটি বালুমহাল রয়েছে, আমি সেটির ইজারাদার। বাস্তবে ডিকচর নামে কোনো জায়গা নেই। বালু উত্তোলন করতে ডিকচরের নাম দেওয়া হয়েছে, যা থেকে আমি বালু উত্তোলন করছি।’ হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল হক বলেন, ‘লটিয়া গ্রামবাসীর অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।