মেঘনা দখলমুক্ত করার তাগিদ শিল্পমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দখল হয়ে যাওয়া মেঘনা নদী থেকে দ্রুত মাটি সরিয়ে নেওয়ার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গত শুক্রবার সকালে আশুগঞ্জ সারকারখানার অতিথিশালায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তাগিদ দেন। এর আগে গত ১৩ আগস্ট তিনজন মন্ত্রী এলাকা পরিদর্শন করে একই নির্দেশনা দিয়েছিলেন।শিল্পমন্ত্রী বলেন, আশুগঞ্জে স্বচ্ছ পানি, বিদ্যুৎ-গ্যাসের সহজলভ্যতা আর নির্মল পরিবেশ সার তৈরির জন্য সহায়ক। এ কারণে আশুগঞ্জে আরেকটি সারকারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ জন্য জায়গাও অধিগ্রহণ করা আছে। ফলে এখানকার পরিবেশ দূষিত হয়—এমন কোনো উদ্যোগ নিতে দেবে না সরকার। পরে মন্ত্রী নদী ভরাট এলাকা দেখতে কারখানার জেটি এলাকায় যান। মতবিনিময়কালে স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, বিসিআইসিরি চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পলিস্টার কারখানা নির্মাণের জন্য আশুগঞ্জের চরচারতলায় প্রায় নয় একর নদীসহ তীর দখল করে। পরে প্রবহমান নদীতে মাটি ফেলে উঁচু ভূমি জাগিয়ে তোলে। গত ১২ মে এই নিয়ে ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই প্রধানমন্ত্রী দখলমুক্ত করার নির্দেশ দেন।