মেঘনা দখলমুক্ত হয়নি, সময় চান দখলদার!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী এখনো দখলমুক্ত হয়নি। উপজেলা প্রশাসন মেঘনায় অবৈধভাবে ভরাট করা বালু এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড এখনো তা করেনি। তারা এখন তিন মাসের সময় চেয়েছে।আশুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম ৭ জুন এই চিঠি দেন। নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডের পরিচালকদের কাছে দেওয়া ওই চিঠিতে বলা হয়, নদীর আট একর ৩৯ শতাংশ জায়গা দখল করা হয়েছে। সাত দিনের মধ্যে দখল করা জায়গা থেকে বালু সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম প্রথম আলোকে জানান, এই দখল নদীর জন্য বড় ধরনের হুমকি। কিন্তু প্রতিষ্ঠানটি দখল অপসারণের জন্য তিন মাসের সময় চেয়ে চিঠি দিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশুগঞ্জ সার কারখানা, নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড ও চর চারতলা ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে গত ১ জুন দখল করা জায়গায় জরিপ করা হয়। ওই জরিপের পর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) কানুনগো মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে একটি লিখিত প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, মেঘনা নদীর নাব্যতা রক্ষার জন্য অবিলম্বে দখল অপসারণ প্রয়োজন। এরপর সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম গত ৭ জুন চিঠি দেন নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডকে। এই চিঠি পাওয়ার পর বালু অপসারণ না করে তিন মাস সময় চায় প্রতিষ্ঠানটি।নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন মাসের সময় চেয়ে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি। আলোচনা চলছে। আলাপ-আলোচনা করেই সমস্যার সমাধান হবে।’উল্লেখ্য, গত ১২ এপ্রিল প্রথম আলোয় ‘দখলের কবলে মেঘনা’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ায় যান এবং পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবিলম্বে দখলদারদের কবল থেকে মেঘনা নদী রক্ষার নির্দেশ দেন। গত ১৩ মে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হিরুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেন।