মেঘনা নদীতে ঝাঁপ দিব, তবু দুর্নীতিকে প্রশ্রয় দিব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ছেলেদের দুর্নীতির কথা সবাই জানে। তারা জনগণের টাকা লুটপাট করে বিদেশে বসে এখন আনন্দ-ফুর্তি করছে। আমার এলাকার জনগণকে আজ প্রতিশ্রুতি দিচ্ছি—গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের সম্মান রক্ষা করতে ব্যর্থ হলে প্রয়োজনে মেঘনা নদীতে ঝাঁপ দিব, তবু দুর্নীতিকে প্রশ্রয় দিব না।’গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বরায়া উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বদরুল ইসলাম, সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা আদিম শিক্ষাব্যবস্থা পরিবর্তন করার উদ্যোগ নিই। প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে আধুনিক বিশ্বমানের শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে।’