মেঘনা নদীতে ঝড়ে ৬০ ট্রলার বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক ঝড় ও প্রচণ্ড ঢেউয়ে ৬০টি ট্রলার ভেঙে চুরমার হয়েছে। ওই সময় নোঙর করা অবস্থায় পাথরবোঝাই একটি ভলগেট কার্গো নদীতে ডুবে গেছে। এতে এক জেলে নিহত ও নয়জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলে, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

নিহত ব্যক্তির নাম মো. বাবলু (১৮)। তিনি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ধনু মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হচ্ছেন চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামবাংলা বাজার এলাকার আবদুল মান্নান, মো. জমির উদ্দিন, শেখ ফরিদ, মাইন উদ্দিন, আবদুল আলী, আরিফ হোসেন, মো. জুয়েল ও মাহমুদুল হক। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রামগতিরহাট মাছঘাটের ব্যবসায়ী রুবেল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর আড়তের মমিন মাঝি ১৩ জন জেলেসহ নদীতে মাছ ধরে ট্রলার নিয়ে ঘাটে ফিরছিলেন। ওই সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে জেলেদের নিয়ে ট্রলারটি ডুবে যায়। এতে বাবলু নিহত হন। অন্যরা সাঁতরে ঘাটে উঠতে পারলেও ছিদ্দিক নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। এদিকে ঝড়ের কবলে পড়ে এবং প্রচণ্ড ঢেউয়ের আঘাতে রামগতিরহাট ও বয়ার চরের টাংকি বাজার মাছঘাটের ১০-১১টি ট্রলার ভেঙে গেছে।
বাংলা বাজার এলাকার আহত জেলে আবদুল আলী জানান, মেঘনা নদীতে মাছ ধরে আট সহযোগী জেলেসহ তিনি ট্রলার নিয়ে বাংলা বাজার মাছঘাটে ফিরছিলেন। ওই সময় ঢেউয়ের আঘাতে তাঁদের ট্রলারটি ভেঙেচুরে যায়। এতে তিনিসহ চার সহযোগী আহত হন। ওই অবস্থায় সাঁতরে তাঁরা ঘাটে ওঠেন।
ক্ষতিগ্রস্ত জেলে আবদুল মান্নান জানান, ঘাটে নোঙর করা অবস্থায় ঝোড়ো বাতাসে সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তাঁর ট্রলারটি ভেঙে যায়। এতে তিনিসহ তাঁর পাঁচ সহযোগী আহত হন। ওই সময় ঘণ্টা খানেক স্থায়ী ঝোড়ো বাতাসে ঘাট এলাকার অনেক ট্রলার ভেঙে ডুবে যায়।
চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ উল্লাহ জানান, তাঁর এলাকার ৪৯টি ট্রলার ঝোড়ো বাতাস আর ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় নদীতে পড়ে যাওয়া ৩৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। আর কোনো জেলে নিখোঁজ আছেন কি না, আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত তা জানা যায়নি।
কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার আবু হান্নান জানান, বাংলা বাজার এলাকায় ৪৯টি ট্রলার ভাঙচুর হওয়ার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তৎপরতা চালিয়ে ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ এলাকার আরও ২৫ জন জেলেকে আজ (শুক্রবার) সকালে নোয়াখালীর ঠেঙ্গারচর এলাকায় স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন বলে তিনি খবর পেয়েছেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, ক্ষতিগ্রস্ত ট্রলারের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে। নিহত জেলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।