মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতিরহাট মাছঘাটের অদূরে মেঘনা নদী থেকে মো. ছিদ্দিক (২৮) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে স্থানীয় জেলেরা তাঁর লাশ পান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। ছিদ্দিক রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবদুল ওহাবের ছেলে।

চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম বলেন, আজ ভোরে স্থানীয় জেলেরা রামগতি মাছঘাটের কাছে মেঘনা নদীতে ছিদ্দিকের লাশ ভাসতে দেখেন। পরে লাশটি উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রামগতিরহাট মাছঘাটের আড়তদার রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর আড়তের মমিন মাঝি ১৩ জন জেলেসহ নদীতে মাছ ধরে ট্রলার নিয়ে ঘাটে ফিরছিলেন। ওই সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ঘাটের কাছে জেলেদের নিয়ে ট্রলারটি ডুবে যায়। ১১ জন জেলে সাঁতরে ঘাটে উঠতে পারলেও বাবলু ও ছিদ্দিক নামের দুই জেলে নিখোঁজ হন। বৃহস্পতিবার রাতেই ঘাটের জেলেরা ঘটনাস্থলে নদী থেকে বাবলুর লাশ উদ্ধার করেন। শনিবার ভোরে একই স্থানে ছিদ্দিকের লাশ ভাসতে দেখা যায়।
কার্গোডুবির ঘটনায় স্থানীয় বড়খেরি নৌ পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।