মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি ১৪ জেলে আহত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। উপজেলার মেঘনা নদীর লুধুয়া মাছঘাট এলাকার অদূরে গতকাল মঙ্গলবার ভোরে ওই ডাকাতি হয়। এ সময় জলদস্যুরা ১৪ জেলেকে মারধর ও কুপিয়ে জখম করে নদীতে ফেলে দেয় এবং দুুটি ট্রলারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।গুরুতর আহত ফারুক মাঝিকে গতকাল সকালে উদ্ধার করে লক্ষ্মীপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উপজেলার চর গজারিয়া এলাকার মেঘনা নদী থেকে বেলা ১১টার দিকে আহত অন্যদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। আহত জেলেদের মধ্যে কয়েকজন হলেন—মজিদ মাঝি, ওমর ফারুক, মনির হোসেন, আবু সায়েদ, মহিব উল্লাহ, চৌধুরী মাঝি ও নূরনবী।আহত মনির হোসেন ও আবু সায়েদ চিকিৎসাধীন অবস্থায় বলেন, মেঘনার দৌলতখান চ্যানেলে সোমবার রাতে মাছ ধরে তাঁরা কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাটে ফিরছিলেন। মঙ্গলবার ভোরে ঘাটের কাছাকাছি পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১৫-২০ জনের একদল সশস্ত্র জলদস্যু তাঁদের ওপর হামলা চালায়। এ সময় জলদস্যুরা ধারালো দা-ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জেলেদের নদীতে ফেলে দেয় এবং জাল ও মাছসহ ফারুক মাঝি ও মজিদ মাঝির দুটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ব্যাপারে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি।