মেঘনা নদীর বালুমহালে আ.লীগের দুই পক্ষে বোমাবাজি, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর দুটি বালুমহালে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হন। ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ বছর চর হোগলা বালুমহালের ইজারা পান রিফাত এন্টারপ্রাইজের মালিক স্থানীয় আওয়ামী লীগের কর্মী নান্নু মিয়া ও ঝগড়ার চর দক্ষিণবন্দ বালুমহালের ইজারা পান চাঁদনী ট্রেডার্সের মালিক চান মিয়া। তাঁরা লোকজন নিয়ে গতকাল বেলা একটার দিকে বালু তুলতে যান।

ওই দুটি বালুমহালের সাবেক ইজারাদার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল পিস্তল, বন্দুক, রামদা, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে নান্নু ও চান মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এতে আটজন আহত হন।

নাসির উদ্দিনের লোকজন চর কিশোরগঞ্জ বাজারে বোমা হামলা ও গুলিবর্ষণ করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

পরে দুই ইজারাদারের লোকজন নাসির উদ্দিনের লোকজনের ওপর পাল্টা হামলা চালান। এতে নাসিরের পক্ষের ছয়জন হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালুমহালের ইজারাদার নান্নু মিয়া ও চান মিয়া জানান, তাঁরা বালুমহালের ইজারা পেয়ে নদীতে বালু উত্তোলন করতে গেলে সাবেক ইজারাদার নাসির উদ্দিন ও তাঁর বাহিনী তাঁদের ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে  আহত করে।

আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বলেন, ‘প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের লোকজনকে পিটিয়ে আহত করে।’ সোনারগাঁ থানার ওসি রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।