মেঘনা পেট্রোলিয়ামের খুলনা ডিপোর এজিএমকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে মেঘনা পেট্রোলিয়ামের খুলনা ডিপোর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এ কে এম আকতার কামাল চৌধুরীকে গতকাল সোমবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনায় এ ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে চারটি সংগঠন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকতার কামাল চৌধুরীকে প্রত্যাহার করার দাবিতে ১৬ আগস্ট থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিককল্যাণ সমিতি ওই ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন বন্ধের কর্মসূচি পালনের ঘোষণা দেয়। দাবি পূরণ হওয়ায় সংগঠনগুলো গতকাল দুপুর থেকে পুনরায় তেল উত্তোলন শুরু করে।পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান জানান, আকতার কামালের বিরুদ্ধে এজেন্ট ও মালিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং দুর্নীতির অভিযোগ ছিল। এ কারণে তাঁকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। দাবি পূরণ হওয়ায় তাঁরা গতকাল দুপুরে খালিশপুরের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।খুলনা ডিপো থেকে প্রত্যাহার হওয়ার সত্যতা নিশ্চিত করে আকতার কামাল বলেন, গতকাল ব্যবস্থাপনা পরিচালক তাঁকে চট্টগ্রাম কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।ওই চারটি সংগঠনের কর্মসূচি ঘোষণা করার বিষয়ে ১৮ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।