বরাক নদে টিপাইমুখ বাঁধ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল সোমবার মেঘনা ও শীতলক্ষ্যা নদীতে নৌবহরের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। পরিবেশবাদী সংগঠন নির্ভীক ও সোনারগাঁ নাগরিক কমিটি এই প্রচারণা চালায়।নারায়ণগঞ্জ শহরের পাশে শীতলক্ষ্যা নদীর বরফকল নৌঘাট থেকে সকাল নয়টায় নৌবহর যাত্রা শুরু করে সোনারগাঁয়ের মেঘনা ঘাটে এসে শেষ হয়। পথে শীতলক্ষ্যা নদীর ১৪টি ঘাটে যাত্রাবিরতি করে সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন এবং মাইকে প্রচার করে জনগণকে সচেতন করেন। সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের নেতৃত্বে নৌবহরে উপস্থিত ছিলেন নির্ভীকের সংগঠক ফিরোজ কবির, সংগীতশিল্পী মানিক সরকার, জোসনা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এনামুল হক, সোনারগাঁ নাগরিক কমিটির সদস্য সালমা কামাল প্রমুখ।নৌবহরে বিভিন্ন বক্তব্য-সংবলিত ব্যানার বহন করা হয়। এগুলো হলো: টিপাইমুখে বাঁধ আরেক মরণফাঁদ, জাগো দেশবাসী, জাগো মরণের আগে জাগো, টিপাইমুখ বাঁধ বন্ধ করো, শীতলক্ষ্যা-মেঘনা নদী বাঁচাও, বাংলাদেশ বাঁচাও ইত্যাদি।জানতে চাইলে সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি প্রথম আলোকে বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ করা হলে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হবে।