নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর পিলার ঘেঁষে নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীতীরবর্তী ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও সেতুটি হুমকির মুখে পড়েছে। গত বুধবার রাতে সোনারগাঁওয়ের মেঘনা ঘাট শিল্পনগর এলাকায় দুটি শিল্পপ্রতিষ্ঠানের কিছু জায়গা মেঘনায় বিলীন হয়ে যায়। নদী থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু তোলার কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। ওই ঘটনায় দুটি শিল্পপ্রতিষ্ঠান একে অপরকে দায়ী করে থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।জানা গেছে, গত বুধবার রাতে মেঘনার তীরে মদিনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাইগার সিমেন্টের কারখানা ও পার্শ্ববর্তী আনন্দ শিপইয়ার্ডের সীমানাপ্রাচীরসহ কারখানার জেটি ধসে পড়ে। ওই রাতেই আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান মদিনা গ্রুপকে এ ঘটনার জন্য দায়ী করে থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, মদিনা গ্রুপের কর্মকর্তারা নদী থেকে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে বালু তোলার কারণেই এ ঘটনা ঘটেছে। অপর দিকে মদিনা গ্রুপের সুপারভাইজার আবদুল কাদির এ ঘটনার জন্য আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষকে দায়ী করে তাদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এদিকে দুটি শিল্পকারখানার স্থাপনা হঠাত্ নদীতে বিলীন হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা জানতে পারেন, আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার যোগসাজশে কয়েকটি শিল্পকারখানার মালিক অবৈধভাবে ড্রেজারের সাহায্যে রাতে নদী থেকে বালু তুলে তাঁদের কারখানার জায়গা ভরাট করে আসছেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চার মাস ধরে মেঘনা সেতুর পিলার ঘেঁষে বালু উত্তোলন করা হচ্ছিল। এ ব্যাপারে মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস জানান, কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের যোগসাজশে নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বর্তমানে নদীর পাশে সব শিল্পপ্রতিষ্ঠান হুমকির সম্মুখীন। যেকোনো সময় এসব প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। গত শুক্রবার সরেজমিনে নদীর তীরবর্তী এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর তীরের অধিকাংশ শিল্পকারখানার সীমানাপ্রাচীরে ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতি রাতে মেঘনা সেতুর পিলার ঘেঁষে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করা হয় বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকেরা এ প্রতিনিধিকে জানান।সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল আমিন জানান, কয়েকটি কারখানা কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়া ড্রেজারের সাহায্যে বালু তোলায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তা ছাড়া অবৈধভাবে বালু তোলার কারণে মেঘনা সেতু ও পার্শ্ববর্তী ২০টি শিল্পপ্রতিষ্ঠান হুমকির সম্মুখীন। যারা বালু তুলছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, দুটি শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ একে অপরের বিরুদ্ধে দুটি জিডি করেছে। মদিনা গ্রুপ কর্তৃপক্ষ নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে বলে তদন্ত করে জানা গেছে।