মেঘনা সেতুর টোলপ্লাজার দক্ষিণে গর্ত, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার দক্ষিণ পাশে আধা কিলোমিটার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ওই সব গর্তে হাঁটুসমান পানি জমে। এতে এই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ দুর্ভোগ পোহায়।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘মেঘনা সেতুর টোলপ্লাজার দক্ষিণ পাশে মহাসড়কের দুরবস্থা তা আমাদের ভাবিয়ে তুলেছে। অর্থ বরাদ্দ না থাকায় আমরা ওই অংশ মেরামতকাজ করতে পারছি না।’ তিনি আরও জানান, মহাসড়কে এ অংশ দিয়ে মেঘনাঘাট শিল্পাঞ্চলের বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস মেঘনাঘাট থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করে।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের এ অংশ দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকে যাচ্ছে। মোটরসাইকেল ও রিকশা দিয়ে চলাচল একেবারে বন্ধ রয়েছে। হেঁটে চলাচল করতে গিয়ে কাদাপানিতে কাপড় নষ্ট হচ্ছে পথচারীদের।
স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে এ জায়গাটি মেরামত করার জন্য আমি একাধিকবার লিখিতভাবে সওজ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক কার্তিক চন্দ্র দাস জানান, মহাসড়কের এ অংশ দিয়ে শিল্পকারখানাগুলোর পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারছে না। এতে তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজার মাত্র ১০ গজ দূরে যে স্থান দিয়ে যেসব যানবাহন চলাচল করে সেসব স্থানে অনেক বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে এখানে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এ কারণে বৃষ্টির পর মেঘনা সেতু এলাকায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
এলাকাবাসীর অনেকে জানান, মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা অংশে পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সওজ কর্তৃপক্ষ এসব গর্ত ইট দিয়ে মেরামত করলেও এখন ইট উঠে যাচ্ছে। এতে যানবাহন ধীরে চলায় এখানে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পণ্যবাহী ট্রাক চলাচল করায় সড়কের এই অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের এই দুরবস্থা হয়েছে।
চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী ট্রাকের চালক নজরুল ইসলাম জানান, সড়কের অবস্থা খারাপ হওয়ায় রাতের বেলা ১০ মিনিটের পথ অনেক সময় তিন ঘণ্টায় পাড়ি দিতে হয়।