মেঘনা সেতুর সংস্কার কাজ শুরু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর সংস্কারকাজ গতকাল রোববার শুরু হয়েছে। যোগাযোগমন্ত্রী ওয়াবদুল কাদের এ কাজের উদ্বোধন করেন।এলাকাবাসী জানান, মেঘনা সেতুর কাছাকাছি স্থান থেকে অব্যাহতভাবে অবৈধভাবে বালু তোলার কারণে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে পিলারগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে পিলারের নিচ থেকে বালু-মাটি সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে যোগাযোগমন্ত্রী তাৎক্ষণিকভাবে পিলারের সংস্কারকাজ করার নির্দেশ দেন।যোগাযোগমন্ত্রী গতকাল সাংবাদিকদের জানান, সেতুর ১২টি পিলারের মধ্যে তিনটি পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘনা সেতুর পিলারের নিচ থেকে ইতিমধ্যে নয় মিটার পর্যন্ত মাটি সরে গেছে। তাই সেতুটিকে বাঁচাতে ৪৩৬ কোটি টাকা ব্যয় ধরে সেনাবাহিনীকে সেতুর পিলারের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দায়িত্ব দেওয়া হয়। যোগাযোগমন্ত্রী আরও বলেন, মেঘনা সেতুর সংস্কারের জন্য আগামী ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৯৬ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এসব যানবাহন কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব হয়ে আসা-যাওয়া করবে।এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ মো. মাসুদ, কর্নেল সাজ্জাদ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল আসাদ, মেজর আমির হোসেন, মেজর জাহিদ, নির্বাহী প্রকৌশলী (সড়ক বিভাগ, নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাছরিন প্রমুখ।