মেঘনাকে বাঁচাতে 'গোসল উৎসব' কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরবের পাশ দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র মরে গেছে অনেক আগেই। দূষণে মেঘনার অবস্থা ব্রহ্মপুত্রের মতো হয়ে যায় কি না—এমন শঙ্কা থেকে স্থানীয় একদল তরুণ ‘গোসল উৎসব’ নামে ভিন্ন রকম এক প্রতিবাদী আন্দোলন কর্মসূচি পালন করেছেন।
গতকাল শনিবার মেঘনা নদীর ভৈরব মোহনায় দলগত গোসল ও শপথ পাঠ করে এই উৎসব উদ্যাপন করা হয়। এই কর্মসূচির আয়োজক ‘দ্য ব্ল্যাক হোল অ্যাসোসিয়েটস’ নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সূর্য ওঠার আগেই ভৈরবের জোড়াসেতু পাড়ে দুই শতাধিক তরুণ সমবেত হন। প্রথমে সেখানে তাঁরা নদী রক্ষার শপথ নেন। নদীকে তুলনা করা হয় মায়ের সঙ্গে। এ সময় তাঁরা বলেন, ভৈরবের জীবনপ্রবাহ মেঘনা নদীকে ঘিরে। আমাদের সংস্কৃতি নদীকেন্দ্রিক। অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে নদী থেকেই। আর এ জন্য মেঘনাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। শপথ পাঠ করান নাট্যসংগঠক সাগর রহমান। এ সময় ভৈরবের খাল, বিল, জলাশয় পুনরুদ্ধারে উদ্যোগী হওয়ার শপথ নেন পৌর মেয়র মো. শাহিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া অঙ্গীকার করেন, দূষণ ও ভরাটের সঙ্গে যদি নিজের দলের কেউ জড়িত হন তাঁকেও তিনি ছেড়ে দেবেন না।
এ সময় আরও বক্তব্য দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভৈরব শাখার সভাপতি হুমায়ুন কবির, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন কেন্দ্রীয় পর্ষদের আহ্বায়ক ইবনুল সায়েদ প্রমুখ।