মেঘনাঘাট শিল্পনগরের সড়কগুলো বেহাল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পনগর এলাকার ভেতরের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে যেসব সংযোগ সড়ক মেঘনাঘাট শিল্পনগর এলাকার ভেতরে প্রবেশ করে বিভিন্ন গ্রামে গিয়ে শেষ হয়েছে। সড়কগুলো ১০ বছর ধরে কোনো সংস্কার করা হচ্ছে না। বিভিন্ন শিল্পকারখানায় ভারী যানবাহন ট্রাক ও লরি চলাচল করায় সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে হাঁটু সমান পানি জমে যায়। ফলে, যানবাহন এবং পথচারীরা হেঁটেও চলাচল করতে পারে না। বিভিন্ন সময়ে শিল্পকারখানার কর্তৃপক্ষ নিজেরা উদ্যোগী হয়ে গর্তের কিছু অংশে ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করলেও কয়েক দিন যেতে না যেতেই এগুলো নষ্ট হয়ে আগের রূপে ফিরে যায়। মেঘনা সেতুর নিচ থেকে ইসলামপুর পর্যন্ত সড়কটি মেরামত করার জন্য স্থানীয় এলাকাবাসী ও শিল্পকারখানার শ্রমিকেরা সম্প্রতি দুই দফা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘মেঘনাঘাট শিল্পনগর এলাকার সড়কগুলোর সামনে গেলে মনে হয় সড়ক নয়, যেন খালের ওপর দিয়ে যানবাহন চলছে। পথচারীরা জামাকাপড় ভিজিয়ে জুতা খুলে হাতে নিয়ে চলাচল করে। ইউনিয়ন পরিষদের অর্থ বরাদ্দ না থাকায় কোনো কাজ করানো যাচ্ছে না। সড়কগুলো সংস্কারের জন্য গত দুই বছরে কয়েক দফা এলজিইডিকে চিঠি দিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক কার্তিক চন্দ্র দাস জানান, সড়কগুলো সংস্কার না হওয়ার কারণে কারখানা থেকে মালামাল পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে প্রায় এক কোটি টাকা খরচ করে মেঘনা গ্রুপ একটি সরকারি সড়ক মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে দিয়েছে।উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মইনুল হোসেন জানান, ইতিমধ্যে মেঘনা শিল্পনগর এলাকার একটি সড়ক সংস্কার করার জন্য টেন্ডার হয়েছে। কিন্তু ঠিকাদারিপ্রতিষ্ঠান এখনো কাজটি শুরু করেনি।