মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের সবচেয়ে বড় মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। স্টিম টারবাইনের বিয়ারিংয়ে সমস্যার কারণে গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।এ বিদ্যুৎকেন্দ্রটি অপেক্ষাকৃত নতুুন হওয়ায় এখান থেকে প্রতিদিন ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎই পাওয়া যেত। এটি বন্ধ হওয়ায় আগামী প্রায় এক সপ্তাহ বিদ্যুৎ-সংকট বাড়বে। কেন্দ্রটি কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে এর মালিক প্রতিষ্ঠান প্যান্ডেকার এনার্জির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সল মুবিন খান গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, চেষ্টা করা হচ্ছে যত দ্রুত কেন্দ্রটি চালু করা যায়। আগামী বৃহস্পতিবার নাগাদ এটি চালু হতে পারে বলে তিনি জানান। দেশে স্বাভাবিক বিদ্যুৎ ঘাটতি এক হাজার মেগাওয়াটের বেশি। এ অবস্থায় মেঘনাঘাট কেন্দ্রটি বন্ধ হওয়ায় ঘাটতির পরিমাণ প্রায় দেড় হাজার মেগাওয়াটে দাঁড়াবে এবং সারা দেশে লোডশেডিংও বাড়বে। কয়েক দিন আগে একই কোম্পানির হরিপুর ৩৬০ মেগাওয়াট কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে যায়। সেটি আজ শনিবার চালু হতে পারে বলে প্যান্ডেকার এনার্জির এমডি জানান।