মেঘনাপাড়ে জেলেপল্লিতে হাহাকার
ইলিশের জন্য বিখ্যাত লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে জেলেদের জালে রুপালি ইলিশের দেখা নেই। ইলিশ আহরণের সঙ্গে জড়িত উপজেলার ১০ হাজার জেলে ও পাঁচ শতাধিক আড়তদার চরম অর্থসংকটে দিন কাটাচ্ছেন। জেলেপল্লিতে চলছে হাহাকার। মহাজনের দাদন, এনজিওর ঋণে জেলেরা দিশেহারা।জেলেরা জানান, তাঁরা মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে নদীতে মাছ শিকারে যান। কিন্তু দিন শেষে নদীতে মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসেন। যে দু-একটি মাছ জালে ধরা পড়ে, তা বিক্রি করে ট্রলারের জ্বালানি খরচও মেটে না।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা কেন্দ্র চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, চরিত্রগতভাবে ইলিশ দল বেঁধে চলে। নদীতে যত্রতত্র ডুবোচর, নদীদূষণ ও কারেন্ট জালে বাধাপ্রাপ্ত হয়ে ইলিশ স্থান ত্যাগ করে নিরাপদ কোনো মোহনায় চলে যেতে পারে। এ কারণে মেঘনার এ অঞ্চলে আগের মতো ইলিশের দেখা মিলছে না।স্থানীয় আড়তদার মফিজুর রহমান বলেন, মাছের ঘাটগুলো থেকে প্রতিবছর এই সময়ে প্রায় ১০০ টন ইলিশ অভ্যন্তরীণ বাজারে রপ্তানি হয়। অথচ চলতি মৌসুমে এ পর্যন্ত ১০ টন ইলিশও রপ্তানি করতে পারেননি তাঁরা। উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ মাহমুদ বলেন, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও এ অঞ্চলের অনেক জেলের চুলাতে আগুন জ্বলে না। নদীর কূলে অলস সময় পার করছেন তাঁরা। কেউ বা বসে পুরোনো জাল বুনছেন। তাঁর অভিযোগ, জেলেপল্লিতে এই হাহাকার চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই।দক্ষিণ চরবংশীর জেলে সেলিম মাঝি বলেন, ‘আঙ্গো (আমাদের) অন খারাপ সময় যাইতেছে। নদীতে যাই মাছ ধইত্যে (ধরতে), হিয়ানো মাছ নাই, কনতো হামরা অন কী খামু?’রায়পুর খাসেরহাট মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী বলেন, বিগত দিনে এই সময়ে জেলেদের পকেট জমজমাট থাকত। উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, বৃষ্টি কম হওয়ায় মেঘনায় আগের মতো ইলিশ ধরা পড়ছে না। তবে ভারী বৃষ্টি হলে ইলিশ ধরা পড়তে পারে। তিনি বলেন, ‘মাছ না পাওয়ায় জেলেপল্লিতে হাহাকারের বিষয়টি আমরা শুনেছি। তবে বরাদ্দ না থাকায় কোনো সহযোগিতা করা যাচ্ছে না।’