মেঘনায় নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ আছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
আজ রোববার সকাল সাতটার দিকে আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রশাসন ও যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে নৌকাটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের ভাষ্য, আজ সকালে কিশোরগঞ্জের ভৈরব নৌকাঘাট থেকে ১০-১১ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশে রওনা হয়। নৌকাটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করে। সেখান থেকে আরও যাত্রী নৌকায় ওঠেন। এরপর নৌকাটি ছেড়ে যেতেই ঘাটের কাছে একপাশে হেলে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সকাল সোয়া নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। সকাল সাড়ে নয়টা থেকে তারা উদ্ধারকাজ শুরু করে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সিংহ প্রথম আলোকে বলেন, নৌকাটিতে আগে থেকেই অতিরিক্ত মাল বোঝাই করা ছিল। আশুগঞ্জ লঞ্চঘাট থেকে আরও যাত্রী তোলা হয়। এতে নৌকাটি ডুবে যায়। এ দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ আছেন কি না, তা দেখা হচ্ছে।