মেঘনায় কলেজছাত্রীর ঝাঁপ!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে আমরিন নূর (১৬) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নদী থেকে তার লাশ তোলা হয়।
আমরিন গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি সোনারতরী-২ লঞ্চে করে যাওয়ার সময় ষাটনলে মেঘনা নদীতে ঝাঁপ দেয়।
আমরিনের বাবার নাম মীর আমিনুর রশিদ। আমরিন ঢাকা শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলমের ভাষ্য, মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। নৌ-পুলিশ গিয়ে আমরিনের লাশ পানি থেকে তোলে।
ওই লঞ্চে থাকা যাত্রী অভিজিৎ রায়ের ভাষ্য, ঢাকার সদরঘাট থেকে লঞ্চটি ছাড়ার পর তা ঘুরে ঘুরে কাঁদছিল আমরিন। কান্নার কারণ জানতে চাইলে সে বলে, মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হওয়ায় অভিমান করে একা চলে এসেছে। লঞ্চে সে একা ছিল।
সোনারতরী-২ লঞ্চের কর্মচারী ইব্রাহিমের দাবি, আমরিন ঝাঁপ দেওয়ার পর লঞ্চ থামিয়ে প্রায় এক ঘণ্টা ধরে খোঁজ করা হয়। কিন্তু তার সন্ধান মেলেনি। এরপর আমরিনের রেখে যাওয়া ব্যাগে খোঁজ করে একটি ডায়েরি পাওয়া যায়। ওই ডায়েরিতে তার নাম, ঠিকানা, বাবার মোবাইল নম্বর লেখা ছিল।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমানের ভাষ্য, আমরিনের মেজো বোন আকলিমা মুনার আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।