মেঘনায় কার্গো আংশিক ডুবে মালামাল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি সোয়াদ নামের একটি কার্গো আংশিক ডুবে গিয়ে সেটিতে থাকা সিরামিক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল নষ্ট হয়ে গেছে। চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজারের কাছে মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
কার্গো সোয়াদের মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সোয়াদকে গতকাল ভোর ছয়টার দিকে পেছন থেকে পর পর দুটি কার্গো প্রচণ্ড আঘাত করে। এ কার্গো দুটি হচ্ছে এমভি সাগরের আলো-২ ও এমভি সিরাজুল ইসলাম-১। দুটি কার্গোই সোয়াদের পেছনে ডান দিকে আঘাত করায় এটির পেছনের একটি অংশ ফেটে যায়। এ অবস্থায় দ্রুত সোয়াদকে পাড়ে ভেড়ানো হলেও এই সময়ের মধ্যে সেটির প্রায় ৬০ ভাগ পানিতে ডুবে যায়। দুর্ঘটনায় কার্গোর কোনো স্টাফ হতাহত না হলেও এটিতে থাকা সিরামিক তৈরির ৯৬০ টন চায়না মাটি ভিজে নষ্ট হয়ে যায়।
কার্গোটির পরিদর্শক (সুপারভাইজার) মো. বিল্লাল বলেন, তারা ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর গত সোমবার রাতে চাঁদপুর লঞ্চঘাটের পাশে অবস্থান নেয়। ভোরে ঢাকার উদ্দেশে রওনা হলে এ ঘটনা ঘটে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোয়াদকে আঘাত করা কার্গো দুটিকে চিহ্নিত করা গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কার্গোর মাস্টার জাহাঙ্গীর চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।