মেঘনায় চাঁদাবাজি বন্ধের দাবি, আজ থেকে ধর্মঘট
ভোলার বালু, পাথর ও কয়লা ব্যবসায়ীরা চাঁদপুর সদর উপজেলার কাটাখালি এলাকায় মেঘনা নদীতে চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ শুক্রবার থেকে নৌপথে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার ব্যবসায়ীরামানববন্ধনকরে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের কাছে স্মারকলিপি দেন। পুলিশ সুপারের কাছেও এর অনুলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খাঁর লোকজন তাঁদের কাছে চাঁদাবাজি করছেন। এমনকি চাঁদাবাজেরা ব্যবসায়ীদের চিকন দানার বালু কিনতে বাধ্য করছেন।
জাহান মণি কার্গো জাহাজের মালিক আফসার উদ্দিন বলেন, চাঁদপুরে সন্ত্রাসীরা তাঁর কার্গো গত মঙ্গল ও বুধবার আটকে রাখে।
দুদিন ধরে কার্গোর কর্মচারীদের শারীরিক নির্যাতন করা হয়। গতকাল জোর করে চিকন দানার বালু দিয়ে তারা মোটা দানার বালুর টাকা নিয়েছে।
ব্যবসায়ী হামিম মোল্লা, কার্গো জাহাজের মালিক ফারুক গাজী, নুরনবী, হারুন গাজী ও অহিদুর রহমান বলেন, ভোলার ব্যবসায়ীরা বালু, পাথর ও কয়লা আনতে গেলে চাঁদপুরের কাটাখালি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসীদের মোটা অঙ্কের চাঁদা দিতে হচ্ছে। না দিলে জাহাজের কর্মচারী ও শ্রমিকদের পিটিয়ে জখম ও মালামাল ছিনতাই করা হচ্ছে। যাঁরা মোটা দানার বালু আনতে যান, তাঁদের জোর করে স্থানীয় চিকন দানার বালু দিয়ে মোটা দানার বালুর দাম নেওয়া হচ্ছে। এ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হলে আগামীকাল (শুক্রবার) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।
লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান সেলিম খাঁ বলেন, এখানে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও পুলিশের তিনটি ফাঁড়ি রয়েছে। চাঁদাবাজি হলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিচ্ছে না কেন?