মেঘনায় ট্রলার ডুবলেও সব যাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার বাদশারচর এলাকায় মেঘনা নদীতে আজ বৃহস্পতিবার দুপুরে ৭৫ জন যাত্রী নিয়ে পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় সব যাত্রী উদ্ধার হয়েছেন।

ট্রলারটি তজুমদ্দিন উপজেলার কাটাখালী ঘাট থেকে মনপুরা উপজেলার হাজিরহাট ঘাটে যাচ্ছিল। ট্রলারের যাত্রীদের সবার বাড়ি লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায়। তাঁদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ট্রলারটি আজ সকালে মনপুরার উদ্দেশে রওনা হয়। বেলা আড়াইটার দিকে তজুমদ্দিন উপজেলার বাদশারচর এলাকায় মেঘনার ডুবচরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজন ট্রালারটি ডুবতে দেখে সঙ্গে সঙ্গে ১৫টি ট্রলার নিয়ে উদ্ধার কাজ চালান। তাঁরা ট্রলারের সব যাত্রীকে উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয় মঙ্গল সিকদার বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ট্রলারডুবির খবর শুনে তিনি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলারের ৭৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ট্রলারের যাত্রী রাসেল ও জুয়েল জানান, তাঁরা ট্রলারের ছাদে ছিলেন। হঠাৎ ট্রলারটি ডুবোচরে ধাক্কা খেয়ে কাত হয়ে ডুবে যায়। পরে অন্য একটি ট্রলার এসে তাঁদের পানি থেকে টেনে তোলে।