মেঘনায় ট্রলার ডুবলেও সব যাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ৭৫ জন যাত্রী ও দুজন মাঝিসহ বনভোজনের একটি ট্রলার আজ বৃহস্পতিবার ডুবে গেছে। তবে স্থানীয় গ্রামবাসী, কোস্ট গার্ড, পুলিশ ও জনপ্রতিনিধিদের সহায়তায় সব যাত্রী ও মাঝি উদ্ধার হয়েছে।

এ ঘটনায় আহত যাত্রীদের লালমোহন মঙ্গল শিকদার বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাত্রীদের সবার বাড়ি লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায়।

ট্রলারের যাত্রী মো. মামুন বেপারী, মো. জুয়েল ও রাসেলের ভাষ্য, গজারিয়া পাবলিক লাইব্রেরির ৭৫ জন সদস্য বনভোজনে যাচ্ছিল। তারা বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ সকালে তারা একটি বাসে করে গজারিয়া বাজার থেকে তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের কাটাখালী ঘাটে যায়। সেখানে দুপুরের খাবার খেয়ে বেলা দেড়টার দিকে জসিমউদ্দিন নবুর ট্রলারে করে মনপুরা উপজেলার হাজীরহাটের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর বাদশার চরে মেঘনায় ট্রলারটি কাত হয়ে ডুবে যায়।

উদ্ধার যাত্রীদের ভাষ্য, আনন্দ করতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত নড়াচড়ার কারণে ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করেন।

লালমোহন বাত্তিরখাল মাছঘাটের মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন ও ফারুক পিটার বলেন, কাটাখালী ও বাত্তিরখাল মাছঘাট পাশাপাশি। বনভোজনের ট্রলারটি ৭৭ জন যাত্রী নিয়ে মনপুরার উদ্দেশে রওনা হওয়ার আধা ঘণ্টা পর হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এ দৃশ্য তাঁরা দেখে তাৎক্ষণিক ১৫টি ছোট মাছ ধরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

পল্লি চিকিৎসক বিশ্বজিৎ ও মো. বাবুলসহ এলাকার কয়েকজন বলেন, টেনেহিঁচড়ে যাত্রীদের তুলতে গিয়ে অনেকেই আহত হয়েছে। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মঙ্গল শিকদার বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের দক্ষিণাঞ্চলের অভিযান কর্মকর্তা লে. খালিদ, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, খবর পাওয়ামাত্র স্থানীয় লোকদের সঙ্গে তাঁরাও ১০টি ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধার কাজে নেমে পড়েন। ট্রলারে থাকা মালামাল ও ট্রলারটি উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছে।