মেঘনায় ট্রলারডুবি একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। ডুবে যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মুসলিম মিয়া (৫০)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ূরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। গতকাল রোববার সকাল সাতটার দিকে ভৈরব থেকে ছেড়ে আসা ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে ভৈরব নৌকাঘাট থেকে তোতা মিয়া নামের এক মাঝি ট্রলারে ১০-১১ জন যাত্রী ও মালামাল বোঝাই করে কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশে রওনা হন। ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাট থেকে আরও যাত্রী নিয়ে ছেড়ে যায়। ট্রলারটি ঘাটের অদূরে গিয়ে এক পাশে হেলে ডুবে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি দল সকাল নয়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে মুসলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাতটার দিকে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের একটি জাহাজের ক্রেনের সাহায্যে ট্রলারটি উদ্ধার করা হয়।
এদিকে খবর পেয়ে স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান আবু আসিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ সেখানে যান।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, উদ্ধারের পর ট্রলারের ভেতর আর কোনো লাশ পাওয়া যায়নি। ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ট্রলারে আগে থেকেই অতিরিক্ত মাল বোঝাই করা ছিল। আশুগঞ্জ লঞ্চঘাট থেকে আরও যাত্রী ওঠায় ট্রলারটি ডুবে গেছে। ইউএনও আরও জানান, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ট্রলার উদ্ধার করতে সময় লেগেছে।