মেঘনায় ট্রলারডুবি ছয় জেলে নিখোঁজ
ভোলার তজুমদ্দিন উপজেলার সোনারচর ও লতারচর মেঘনার সীমান্তে গত বৃহস্পতিবার রাতে জেলেদের একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটি উদ্ধার হলেও গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছয় মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।
তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাটের একাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী বলেন, শরীফ মাঝি পাঁচজন জেলে নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাছ শিকারে মেঘনায় যান। রাত ১১টার দিকে ঝড় শুরু হয়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।
গতকাল বেলা একটার দিকে স্থানীয় জেলেরা মেঘনায় ডুবন্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে স্লুইসঘাটে নিয়ে আসেন। তখন ঘাটের জেলে-ব্যবসায়ীরা ট্রলারটি শরীফ মাঝির বলে শনাক্ত করে উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান। নিখোঁজ জেলেরা হচ্ছেন শরীফ মাঝি (৪০), হাসান (১৮), রাজীব (২৪), সিরাজুল ইসলাম (১৭), আলাউদ্দিন (১৬) ও হৃদয় (১৩)। ইউএনও মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘খবরটি শুনেছি। নিখোঁজ জেলেদের খুঁজতে কোস্টগার্ডকে নদীতে পাঠানো হয়েছে।’