১২ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর ভাঙনে পন্টুনের আশপাশের মাটি সরে গিয়ে অচল হয়ে পড়ে হরিণা ফেরিঘাট। ছবি: আলম পলাশ
নদীর ভাঙনে পন্টুনের আশপাশের মাটি সরে গিয়ে অচল হয়ে পড়ে হরিণা ফেরিঘাট। ছবি: আলম পলাশ

মেঘনা নদীর ভাঙনে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার দুপুর ১২টার দিকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ এ সময় চাঁদপুরের হরিণা ফেরিঘাটসংলগ্ন নদীতে আটকা পড়ে ছিল যাত্রীবাহী তিনটি বাস ও ১১টি ট্রাকসহ দুটি ফেরি।
হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ইমরান খান জানান, মেঘনায় ভয়াবহ ভাঙনের কারণে গতকাল দিবাগত রাত ১২টার পর হরিণা ফেরিঘাট এলাকায় পন্টুনের আশপাশের মাটি সরে গেছে। তাই সেখানে কোনো ফেরি ভিড়তে পারছে না। রাত থেকে কলমিলতা ও কিশোরী নামের দুটি ফেরি ঘাটের কাছে নদীতে আটকে রয়েছে। ফেরি দুটিতে রয়েছে বরিশাল, বরগুনা থেকে আসা যাত্রীবাহী তিনটি বাস, গরুবোঝাই পাঁচটি ট্রাক ও কাঁচামালবোঝাই ছয়টি ট্রাক। অনেকক্ষণ আটকে থাকার কারণে একটি গরু ফেরির ভেতর মারা গেছে। লোকজনও অসুস্থ হয়ে পড়ে। সকাল ১০টায় শতাধিক শ্রমিক দিয়ে ঘাটের মেরামতকাজ শুরু হয়। দুপুর পৌনে ১২টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ভাঙনের তীব্রতায় আবার ঘাটটি অচল হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।