মেঘনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল নয়টার দিকে তাঁকে হত্যা করা হয়।

মেঘনা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে নূর মোহাম্মদ তুলাতলী বাজারে নিজ দোকানের সামনে বসা ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মেঘনা উপজেলার যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘নূর মোহাম্মদ মেঘনা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য। সাবেক থানা কমিটির সদস্য ছিলেন তিনি। আমরা প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে  গ্রেপ্তারের দাবি জানাই।’

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।