মেঘনায় 'শিক্ষাতরি'
সুবিধাবঞ্চিত পানিবন্দী শিশুদের জন্য মুন্সিগঞ্জে প্রথমবারের মতো ‘শিক্ষাতরি’ চালু হয়েছে। গতকাল রোববার গজারিয়া উপজেলার মেঘনা নদীর তীরে বাউশিয়া গ্রামে শিক্ষাতরির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।
শিক্ষাতরি চালু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুবুল কবির, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান দেওয়ান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. তানভীরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন ও শিক্ষাতরির শিক্ষক শাহিদা বেগম।
ব্র্যাক কর্মকর্তারা জানান, শিক্ষাতরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩০ জন শিক্ষার্থীকে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পড়ানো হচ্ছে। তাই পানিবন্দী অবস্থায়ও শিশুরা আবার স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে। ভাসমান নৌকায় পড়াশোনায় তারা আগ্রহ পাচ্ছে।