মেঘনার অবস্থা দেখতে চার মন্ত্রী আশুগঞ্জ যাচ্ছেন আজ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখলমুক্ত করার সর্বশেষ অবস্থা পরিদর্শনে আজ শুক্রবার চার মন্ত্রী আশুগঞ্জ যাচ্ছেন। তাঁরা হলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তাঁরা আজ বেলা তিনটায় আশুগঞ্জের চরচারতলায় নদী এলাকা পরিদর্শন করবেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রমতে, গত সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সভায় সারা দেশের নদ-নদী দখলমুক্ত করার ব্যাপারে আলোচনা হয়। এতে মেঘনা দখলমুক্ত করার সর্বশেষ অবস্থা জানতে চান প্রধানমন্ত্রী। পরে তিনি পাঁচজন মন্ত্রীকে আশুগঞ্জে পরিদর্শনের নির্দেশ দেন। তবে বিশেষ কারণে পাঁচজনের মধ্যে ভূমিমন্ত্রী রেজাউল করিম যেতে পারছেন না। নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি কারখানা নির্মাণের লক্ষ্যে আশুগঞ্জের চরচারতলায় নদীর প্রায় নয় একর জমিসহ তীর দখল করে নেয়। গত ১২ মে এ নিয়ে ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।