মেঘনার অবৈধ জাল উচ্ছেদের দাবি
ভোলার মেঘনা নদী থেকে প্রভাবশালীদের অবৈধ জাল উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ জেলেরা। এ দাবিতে তাঁরা গত ৮ মে ভোলা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।সদর উপজেলার নাছির মাঝি ও মাছঘাটের রফিক মাঝি বলেন, ‘অবৈধ পিটানোজাল, মশারিজাল, খরছিজাল, পাইজাল, নেটজাল, খুঁটিজাল, বেহুন্দিজাল ও কোনাজালে জাটকাসহ বিভিন্ন মাছের রেণুপোনা শিকার করা হচ্ছে। অবৈধ জালের কারণে আমরা জাল ফেলার জায়গা পাই না, কোনো মাছ পাই না। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার টহল দল এসব অবৈধ জাল জব্দ করছে না, বরং আমাগো গরিবের কারেন্টজাল নিয়েই টানাটানি করছে।’গত ১৭ ও ১৮ মে সরেজমিনে দেখা গেছে, ভোলার উত্তর মেঘনার ভোলারচর, গাজীপুরচর, গণেশপুর, ইলিশাচর, কাচিয়ারচর, মধুপুর, মদনপুর, চর মুন্সি, ধনিয়ারচর, নেয়ামতপুর, মেদুয়া, মধুপুর, ভবানীপুরচর, হাজীপুরচরসহ মেঘনায় জেগে ওঠা ডুবোচর দখল করে প্রায় ২০০ স্থানে দুই সহস্রাধিক অবৈধ জাল পাতা আছে।জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ আছে, জাটকাসহ সব ছোট মাছের রেণুপোনা রক্ষা ও দরিদ্র মৎস্যজীবীদের বাঁচানোর জন্য এসব অবৈধ জাল জব্দ করা জরুরি।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, শুধু কারেন্টজাল নয়— মশারিজাল, খরছিজাল, পাইজাল, নেটজাল, খুঁটিজাল, বেহুন্দিজালও অবৈধ। এসব জালে ছোট মাছ ছাড়াও ক্ষুদ্র জলজ প্রাণী আটকা পড়ে। ভোলা ও দৌলতখানের বিভিন্ন মাছঘাটের জেলে ও জেলা মৎস্যজীবী সমবায় সমিতি সূত্রে জানা গেছে, শতাধিক প্রভাবশালী জেলে মেঘনা দখল করে এসব অবৈধ জাল পাতছেন। পাঁচজন মাঝি আছেন যাঁদের ট্রলার নিয়ে কোস্টগার্ড-পুলিশ ও মৎস্য কর্মকর্তারা মেঘনায় টহলে বের হন। তাঁরা হচ্ছেন, সাহেব আলী মাঝি, কার্তিক মাঝি, আমির মাঝি, কালাম মাঝি ও ইউসুফ মাঝি। এঁরা মোবাইল ফোনে অন্য প্রভাবশালী মাঝিদের টহলে আসার কথা আগেভাগে জানিয়ে দেন। অবশ্য আমির মাঝি টহলের খবর অন্যদের জানানোর কথা অস্বীকার করেন। অবৈধ জাল পাতার সঙ্গে সম্পৃক্ত জামাল উদ্দিন বলেন, ‘এ জাল ফেলা নিষেধ জানি, কিন্তু চুরি-চামারি করে মাছ ধরে পেট চালাই।’ নাছির উদ্দিন বলেন, ‘আমি একসময় এসব মাছের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, চেয়ারম্যান হওয়ার পরে ছেড়ে দিয়েছি।’ শামীম মুরাদার বলেন, ‘মাছের ব্যবসা ছেড়ে দিয়েছি।’ ভোলা খালের সেলিম দালাল বলেন, ‘কোষ্টগার্ড আমার সব জাল নিয়ে গেছে। আমি এহন ঢাকায় থাকি।’ দৌলতখান পাতার খালের আওলাদ বলেন, ‘আমার পাইজাল আছে, কিন্তু পোয়া মাছ ছাড়া কোনো জাটকা ধরা পড়ে না। উপজেলার সবচেয়ে বেশি অবৈধ জালের মালিক আবদুল হাই বলেন, ‘কিছু জাল ছিল, কিন্তু মাছ নেই বলে উঠিয়ে ফেলেছি।’ জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকবার অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ মশারিজাল, খরছিজাল, পাইজাল, নেটজাল, খুঁটিজাল ধরেছি। কোস্টগার্ডকেও অভিযান চালাতে বলা হচ্ছে।’জেলা প্রশাসক মো. খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা এসব প্রভাবশালী জেলে ও মৎস্য আড়তদারের তালিকা করে অবৈধ জাল নদী থেকে তুলে ফেলার জন্য তাদের কাছে সতর্কীকরণ নোটিশ পাঠাব। যদি ব্যর্থ হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেব।’