মেঘনার অব্যাহত ভাঙনে ভোলা-লক্ষ্মীপুর ফেরি বন্ধ

ভোলায় মেঘনার ভাঙনে গতকাল সোমবার পর্যন্ত ১০ দিনে তিন শতাধিক বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এদিকে নতুন ফেরিঘাট গতকাল নদীতে বিলীন হয়ে যাওয়ায় আবার বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল।
স্থানীয় লোকজন বলছেন, ভাঙনের কবলে পড়ে মানুষ পথেঘাটে, আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ৩৩ দিনে কমপক্ষে চার বর্গকিলোমিটার এলাকা মেঘনা নদীতে বিলীন হয়েছে। তবে ১০ দিনের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। যদিও পানি উন্নয়ন
বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম দুই বর্গকিলোমিটার এলাকা ভাঙনে বিলীন হয়েছে বলে দাবি করেন।
গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, ইলিশা কালুপুর, মুরাদসফুল্যা থেকে ভোলার ইলিশা ফেরিঘাটের উত্তর-পশ্চিমে ঢালিরখাল পর্যন্ত প্রায় চার বর্গকিলোমিটার এলাকার সড়ক, ফেরিঘাট, বাড়িঘর ও ফসলি জমি ভেঙে মেঘনায় চলে গেছে। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার সম্পূর্ণ নদীতে বিলীন হয়েছে।
এ ছাড়া ১০ আগস্ট চালু করা বিশ্বরোডের মাথা ফেরিঘাট গতকাল সোমবার নদীতে বিলীন হয়েছে। ফলে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকে রয়েছে।
পূর্ব ইলিশা ইউনিয়নের আজিজুল হক বলেন, ৫০ বছর ধরে এ বাড়িতে বসবাস করছেন। ভাঙনের মুখে পড়ে তাঁদের সব শেষ হতে বসেছে। পুকুরের মাছ, বাগানের গাছ, ঘরের আসবাব, গবাদি পশুপাখি সব কম মূল্যে বিক্রি করেছেন।
ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস গতকাল ভাঙন এলাকা পরিদর্শন করে বলেন, ১৪ আগস্ট বাণিজ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী বলেছিলেন, এখানে ভাঙন প্রতিরোধে জিও টিউব ফেলা হবে। গত ১১-১২ দিনেও তা করা হয়নি। এর মধ্যে শত শত বাড়ি, ফসলি জমি বিলীন হয়ে গেছে।
ওই এলাকায় মেঘনার তীরে পাউবো একদিকে বালুভর্তি বস্তা ফেলছে, আরেক দিকে স্রোত তা ভাসিয়ে নিচ্ছে। পূর্ব ইলিশার আনোয়ার হোসেন বলেন, ঠিকাদার বস্তার মধ্যে চিকন দানার দুর্বল বালু দিচ্ছে। আবুল কালাম মাঝি বলেন, ঠিকাদার কাজের পরিধি বাড়িয়ে ফায়দা লুটতে চাইছে। ভাঙন প্রতিরোধে একসঙ্গে বস্তা না ফেলে জায়গায় জায়গায় অল্প অল্প করে বস্তা ফেলছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম রোববার বিকেলে বলেন, ভাঙন প্রতিরোধে এ পর্যন্ত ১১৫ হাজার বালুভর্তি বস্তা ভোলা ইলিশা ফেরিঘাট, চডারমাথা ও বিশ্বরোডের মাথা এলাকায় ফেলা হয়েছে। এ ছাড়া বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধ করা হয়েছে। তবে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। জিও টিউব ফেললে সম্ভবত প্রতিরোধ হতো। কিন্তু তার নকশা এখনো হয়নি।
তবে পাউবোর টাস্কফোর্সের প্রধান ও নকশা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী তোফায়েল আহমেদ গতকাল মুঠোফোনে বলেন, জিও টিউবের মালামাল আনার জন্য ঠিকাদার ও ভোলার পাউবোর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ঠিকাদার ও পাউবোকে নির্দেশনা দেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু পাউবো আশানুরূপভাবে ভাঙন প্রতিরোধ করতে পারেনি। বহু মানুষ ভাঙনের শিকার হয়েছে।