মেঘনার ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
কুমিল্লার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিনের বিরুদ্ধে ৭০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের ব্যবসায়ী মো. জামাল হোসেন এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে জামাল হোসেন বলেন, চাচাতো ভাইয়ের ছেলে মহিউদ্দিনের সঙ্গে ৩৯ শতক জায়গা নিয়ে তাঁর বিরোধ চলছে। এ অবস্থায় মহিউদ্দিন গত ২৪ এপ্রিল তাঁর বিরুদ্ধে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানার ওসি নাসিম উদ্দিন সেদিন বিকেলে থানার সামনের চৌরাস্তা মোড় থেকে তাঁকে তুলে থানায় নিয়ে যান। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল এবং লাথি-ঘুষি মারা হয়। পরে তাঁর গ্রামের লোকজন থানায় আসেন। এরপর ওসি তাঁর চাচাতো ভাই ফজলুল হক ও বল্লভকান্দি গ্রামের মনির হোসেন এবং রামনগর-ছয়আনি গ্রামের হেলাল উদ্দিনের কাছে এক লাখ টাকা দাবি করে বলেন, টাকা দিলে রাতেই তাঁকে (জামাল) ছেড়ে দেওয়া হবে। পরে ৭০ হাজার টাকা দেওয়ার পর রাত ১০টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।জামাল উদ্দিনের অভিযোগ, গত ২৪ মে তাঁকে আবারও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। এর পর থেকে তিনি বাড়িছাড়া।ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি নাসিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জামাল হোসেনকে কোনো নির্যাতন করা হয়নি। এগুলো অবান্তর অভিযোগ।’এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’