মেঘনার চরে বাঙ্গি চাষ লাভবান কৃষক
কুমিল্লার মেঘনা উপজেলার দুই ইউনিয়নে মেঘনা নদীর চরে বাঙ্গি চাষ করা হচ্ছে। কম খরচে চাষাবাদ আর খেত থেকে সরাসরি বিক্রি করতে পারায় বাঙ্গি চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার চালিভাংগা ও গোবিন্দপুর ইউনিয়নের ছয়টি গ্রামে চাষ করা হচ্ছে বাঙ্গি। উপজেলার চালিভাংগা ইউনিয়নের বড়ইকান্দি ও মৈসারচর গ্রাম এবং গোবিন্দপুর ইউনিয়নের বিনোদপুর, খাসেরগাঁও, খিরারচক ও বুইরারচক গ্রামের ফসলি মাঠজুড়ে বাঙ্গি আর বাঙ্গি। এখন ফসল তোলার সময়। কৃষকেরা খেত থেকে বাঙ্গি তুলে জড়ো করছেন। কয়েকজন কৃষক বলেন, বর্ষা মৌসুমের পর চর থেকে মেঘনার পানি নেমে যায়। পানি নেমে যাওয়ার পর কৃষক জমি তৈরি করে বীজ লাগান।
উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১২২ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাঙ্গি তোলা শুরু হয়। পুরো মার্চ মাসেই ফসল তোলা হয়। মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. গোলাম হাসান মজুমদার বলেন, বেলে-পলি মাটিতে বাঙ্গির আবাদ ভালো হয়। আর এ কারণে মেঘনার চরাঞ্চলের মানুষ বাঙ্গি চাষে লাভবান হচ্ছেন।
বিনোদপুর গ্রামের কৃষক সুরুজ মিয়া (৫৯) বলেন, তিনি চলতি বছর ১৮০ শতাংশ জমিতে বাঙ্গি চাষ করেছেন। এতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তিনি আশা করছেন, এক লাখ টাকার বেশি বাঙ্গি বিক্রি করতে পারবেন।
কৃষক হযরত আলী বলেন, মেঘনার চরের বাঙ্গি জমিতেই বিক্রি করা যায়। ঢাকার শ্যামবাজার ও সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুরের মতলবসহ বিভিন্ন জায়গা থেকে পাইকারেরা ট্রলারে করে মেঘনার চরে বাঙ্গি কিনতে আসেন। নারায়ণগঞ্জের পাইকার খলিলুর রহমান ও মহিউদ্দিন আহমেদ বলেন, মেঘনার চরের বাঙ্গি নদীপথে যেকোনো স্থানে নিয়ে যাওয়া সহজ। তাই বাঙ্গি কিনতে সরাসরি এখানকার চরে চলে আসেন।