মেঘনার ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে যাত্রীবাহী লঞ্চ
লক্ষ্মীপুরের রামগতিতে জেলা পরিষদের দুটি খেয়াঘাট দখল করে নিয়েছেন একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি এক মাস ধরে এ ঘাট দিয়ে মেঘনা নদীর ঝুঁকিপূর্ণ এলাকায় যাত্রী পারাপার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ গত ২৫ বছর ধরে রামগতি উপজেলার রামগতির পুরাতন ভাঙা রাস্তার মাথা থেকে চর গজারিয়া আজাদ বাজার রাস্তার মাথা ও এর উত্তর অংশ এবং চর আলগী গাবতলী কালীর খাল হয়ে চর গজারিয়া আজাদ বাজার রাস্তার মাথা ও এর দক্ষিণ অংশে পৃথক দুটি খেয়াঘাট ইজারা দিয়ে আসছে। ঘাট দুটির ইজারাদার আবদুল মোতালেব ও আবদুল বারেক অভিযোগ করেন, গত ৪ মার্চ থেকে ভোলার দৌলতখান উপজেলার মেসার্স মেঘনা রিভার ট্রান্সপোর্ট কোম্পানি জেলা পরিষদের ওই ঘাট দুটি দখল করে এমভি মামুন নামের ভাড়া করা একটি লঞ্চ দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপার করছে। এতে করে খেয়া পারাপারের যাত্রী না পেয়ে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মেসার্স মেঘনা রিভার ট্রান্সপোর্ট কোম্পানির মালিক গোলাম মাওলা ওরফে আতাহার দাবি করেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট নিয়ে তাঁরা বৈধভাবেই এমভি মামুন লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছেন। তিনি জেলা পরিষদের খেয়াঘাট দখলের কথা অস্বীকার করেছেন। বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর ও পরিবহন কর্মকর্তা (পোর্ট অফিসার) কাজি ওয়াকিল নওয়াজ বলেন, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুর জেলার ষাটনল থেকে রামগতি, শাহবাজপুর ও হাতিয়া চ্যানেলসহ মেঘনা নদীর নিম্ন অববাহিকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ। এই অশান্ত মৌসুমে কোনো ধরনের লঞ্চকে চলাচলের জন্য রুট পারমিট দেওয়া হয়নি।লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আবদুল আজিজ জেলা পরিষদের খেয়াঘাট অবৈধভাবে দখল হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন. দখল উচ্ছেদের জন্য মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।