মেঘনার ডুবোচরে অবৈধ জাল পেতে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর ও দৌলতখান উপজেলার সীমান্ত এলাকায় মেঘনার ছয়টি ডুবোচরে অবৈধ পিটানো জাল পেতে মাছ শিকার করছেন ৫৫ জন প্রভাবশালী ব্যক্তি।এই প্রভাবশালী ব্যক্তিদের অভিযোগ, সকেট বাহিনীর প্রধান জামাল উদ্দিন সকেট প্রতি ভাটায় খেও পাতার জন্য তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন। এ ছাড়া জালে ধরা মাছ তাঁর আড়তে বিক্রি করতে বাধ্য করছেন।জানা গেছে, দৌলতখানের মধুপুর এলাকায় নদীতে ‘তরমুজের খেও’ নামক ডুবোচরের আশপাশে আরও পাঁচটি ডুবোচর আছে। এসব জায়গায় প্রচুর মাছ ধরা যায়। প্রভাবশালী ওই ৫৫ ব্যক্তি ও সকেট বাহিনী মিলে রোটেশন করে সেখানে পিটানো জাল পেতে মাছ ধরছেন। সম্প্রতি সকেটের সঙ্গে অন্যদের মতবিরোধ সৃষ্টি হয়েছে।সাধারণ জেলেদের সূত্রে জানা গেছে, পিটানো জালে বেশির ভাগই ছোট মাছ ও জাটকা ধরা পড়ে। একটি জালের সঙ্গে ৪০ থেকে ৪৫ জন জেলে থাকেন। তাঁরা ভাটা শুরু হওয়ার আগে থেকেই ডুবোচরের চারপাশে দু-এক মাইল এলাকা দখল করে নেন। এ সময় তাঁরা যাকে সামনে পান, তাকেই মারধর করে জাল, মাছ ও নৌকা ছিনিয়ে নেন। দৌলতখানের মেদুয়ার জাহাঙ্গীর মাঝি (৪০) জানান, এ পর্যন্ত তিনি পাঁচবার পিটানো জালের জেলেদের হাতে মার খেয়েছেন। তরমুজের খেও এলাকার সাত্তার মাঝি (৫০) বলেন, ‘সকেট বাহিনীর জাইল্যারা অছরো (অস্ত্র) লইয়্যা মাছ ধরত আইয়ে।’ চৌকিঘাটার আবুল কালাম মাঝি (৩০) জানান, যাঁরা দাঁড়ের নৌকায় মাছ ধরেন, তাঁরা গহিন গাঙে যেতে পারেন না। ভাটার সময় যখন জালে মাছ পড়ে, তখনই তাঁদের মাছ ধরতে দেওয়া হয় না। তাঁদের জাল কেটে নিয়ে যায়। মধুপুর মাছঘাটের মো. মহসিন মাঝি (৩৫) বলেন, ‘সকেট বাহিনীর আড়তে মাছ না দিলে রাইতে সব লইয়্যা যায়।’পিটানো জাল পাতা জেলেদের সূত্রে জানা গেছে, প্রতি ভাটায় জাল পেতে এক থেকে দুই লাখ টাকার মাছ ধরা পড়লেও সকেটের কারণে তাঁরা লাভের মুখ দেখছেন না। প্রতি খেওয়ের জন্য সকেটকে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে। এ ছাড়া যে মাছ ধরা পড়ে, তা তাঁর আড়তেই বিক্রি করতে হয়।জামাল উদ্দিন সকেট বলেন, ‘ডুবোচরে মাছ ধরা নিয়ে সবাই সংঘর্ষ-সংঘাতে লিপ্ত থাকত। আমি রোটেশনের সিস্টেম চালু করে শান্তি বজায় রেখেছি; সবাইকে খেতে দিচ্ছি। অন্যদিকে খেওপ্রতি যে পাঁচ হাজার টাকা নেওয়া হয়, তা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করার কাজে ব্যয় হয়। ওই টাকায় আমি হাত দিই না। আর আমার আড়তে মাছ বিক্রি করতে বাধ্য করার অভিযোগ মিথ্যা।’ভোলার পুলিশ সুপার মো. বশির আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘জামাল উদ্দিন সকেট এজাহারভুক্ত একজন দাগি আসামি। তাঁর বিরুদ্ধে অনেক মামলা আছে। তাঁকে আমরা খুঁজছি। তাঁর কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার প্রশ্নই আসে না। এটা ভিত্তিহীন অভিযোগ।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, ‘পিটানো জাল পাতা অবৈধ। এগুলো উচ্ছেদে আমরা অভিযান চালাব। কিন্তু নানা বাধায় এটা করতে পারছি না। তার পরও চেষ্টা করব।’