মেঘনার তীরে ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু
নরসিংদী পৌর শহরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বাউল মেলা। অন্য বছরের মতো এবারও শহরের কাউরিয়াপাড়ায় মেঘনা নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী বাউল ঠাকুরের আখড়ায় ঐতিহ্যবাহী এ মেলা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, রীতি অনুযায়ী বছরের মাঘী পূর্ণিমা তিথিতে মেলার আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শুরু হয় এক মাস আগে। অর্থাৎ এক মাস আগে জেলার শিবপুর উপজেলার তেলিয়া বাজারে পূজা-অর্চনার মাধ্যমে মেলার সময়সূচি নির্ধারণ করা হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কাল বুধবার জগদ্বন্ধু ঠাকুরের মহাপ্রসাদ বিতরণ ও শুক্রবার দেবতা ব্রহ্মার পূজা মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিকদের মতে, ৭০০ বছর আগে কাউরিয়াপাড়ার আখড়ায় বাউল ঠাকুরের অন্তর্ধান হয়েছিল। বাউল আখড়ায় জগন্নাথ দেবতার মন্দির আছে। মন্দিরে মহাবিষ্ণুর পূর্ণাঙ্গ প্রতিমা, জগন্নাথ দেবতার প্রতিমা, মা গঙ্গার (৩৩ কোটি দেবতার) গট, নাগ দেবতার বিগ্রহ ও শিবলিঙ্গ আছে, যা বাউল ঠাকুর নিজে প্রতিস্থাপন করে গেছেন বলে কথিত আছে। পাশে রয়েছে বাউল ঠাকুর ও মাতাজির সমাধিমন্দির। সবার মধ্যখানে রয়েছে উপাসনার জন্য বিশাল একটি আটচালা মন্দির।
এদিকে সপ্তাহব্যাপী মেলা উপলক্ষে বাউল ভক্ত ও সাধুরা আখড়ায় আসতে শুরু করেছেন। মেঘনা নদীর পাড় ঘেঁষে বসেছে বিভিন্ন পণ্যের বিশাল মেলা। মেলায় কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্পসামগ্রী, লৌহজাতসামগ্রী, ইলেকট্রনিক পণ্যসামগ্রী এবং মিষ্টির দোকান বসিয়েছেন দোকানিরা। এ ছাড়া শিশুদের আকৃষ্ট করতে মেলায় নাগরদোলাসহ নানা বিনোদনমূলক রাইডের ব্যবস্থা রয়েছে।
বাউল আখড়ার তত্ত্বাবধায়ক প্রাণেশ কুমার বাউল বলেন, মেলায় বাউলেরা গাইবেন মানবতার গান। গানে গানে মানবকল্যাণ কামনায় আরাধনা করা হবে।